সংবাদদাতা, কাঁথি: সৈকতশহর দীঘায় হোটেলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তারই সহকর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দীঘা এলাকায়। মৃতের নাম বিশ্বজিৎ দে(২২)। কাঁথিতে তাঁর বাড়ি। অভিযুক্ত হোটেলকর্মী কালীপদ সামন্তকে গ্রেপ্তার করেছে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিস। গত শনিবার রাতে ওল্ড দীঘায় হোটেলের একটি ঘরে বিশ্বজিৎকে বেধড়ক মারধর করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতের বাড়ি কাঁথি থানার পতাপুকুরিয়া এলাকায়। সোমবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওল্ড দীঘার শিবালয় রোড এলাকায় ওই হোটেলটি রয়েছে। শনিবার টাকাপয়সা সহ অন্যান্য বিষয় নিয়ে হোটেলের একটি ঘরে দু’জনের মধ্যে বচসা থেকে মারপিট লেগে যায়। অভিযোগ, সেই সময় কালীপদ বিশ্বজিৎকে বেধড়ক মারধর করে। মারধরের জেরে লুটিয়ে পড়েন বিশ্বজিৎ। হোটেলের অন্যান্য কর্মীরা তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পালিয়ে যায় কালীপদ। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিস তদন্তে নেমে ওই হোটেলে যায়। ম্যানেজার সহ অন্যান্য কর্মীকে জিজ্ঞাসাবাদ চালানো হয়। রবিবার রাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিস।
দীঘা মোহনা কোস্টাল থানার ওসি অরুণকুমার পতি বলেন, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সবদিক খতিয়ে দেখছি। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা অভিযুক্তকে জেরা করে জানার চেষ্টা চালাচ্ছি। ঘটনার সঙ্গে অন্য কারও যোগসূত্র রয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
দীঘা মোহনা কোস্টাল থানার ওসি অরুণকুমার পতি বলেন, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সবদিক খতিয়ে দেখছি। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা অভিযুক্তকে জেরা করে জানার চেষ্টা চালাচ্ছি। ঘটনার সঙ্গে অন্য কারও যোগসূত্র রয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।



