Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রাবণ মাসের প্রথম সোমবার নবদ্বীপের বিভিন্ন মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড়

শ্রাবণ মাসের প্রথম সোমবার নবদ্বীপের শিবমন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড়। বিশেষ ভোগ নিবেদনের আয়োজন, বিস্তারিত পড়ুন।

শ্রাবণ মাসের প্রথম সোমবার নবদ্বীপের বিভিন্ন মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড়
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষ্যে বৈষ্ণবনগরী নবদ্বীপের বিভিন্ন শিবমন্দিরে সকাল থেকেই উপচে পড়ে ভক্তদের ভিড়। শিবের মাথায় জল ঢালা, পূজা ও বিশেষ ভোগ নিবেদনের জন্য শুধু নবদ্বীপ বা কৃষ্ণনগর নয়, পূর্ব বর্ধমানের শ্রীরামপুর, বিদ্যানগর, নাদনঘাট, সমুদ্রগড় সহ বিভিন্ন এলাকা থেকে অসংখ্য পুণ্যার্থী এদিন নবদ্বীপের মন্দিরে আসেন।

Advertisement

নবদ্বীপের প্রাচীন বুড়োশিব মন্দির, যোগনাথ শিব মন্দির, চারিচারা বাজারের বালকনাথ শিব মন্দির, বউবাজারের বাণেশ্বর শিব মন্দির সহ বিভিন্ন মন্দিরে ভোর থেকেই ভক্তদের দীর্ঘ লাইন দেখা যায়। গঙ্গাস্নান সেরে উপবাস করে ভক্তরা শিবলিঙ্গে জল ঢেলে পুজো দেন। এদিন প্রতিটি শিবমন্দিরেই বিশেষ ভোগের আয়োজন করা হয়।
এদিন শহরের বিভিন্ন এলাকায় স্থানীয় ক্লাবগুলির উদ্যোগেও শিবপুজোর আয়োজন করা হয়। রাধাবাজার মোড়ে ইয়ং স্টাফের উদ্যোগে বিশেষ পূজার ব্যবস্থা ছিল। বুড়োশিবতলায় অস্থায়ী দোকানও বসে। প্রতিটি মন্দির চত্বরে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। 
নবদ্বীপ সংলগ্ন পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার বিদ্যানগর থেকে বুড়ো শিবমন্দিরে শিবঠাকুরের মাথায় জল ঢালতে এসেছিল নবম শ্রেণির তিন পড়ুয়া রিয়া মন্ডল, প্রিয়াংশি মিস্ত্রী এবং সঙ্গীতা মণ্ডলরা। ওরা জানাল, উপবাসে থেকে শিবের মাথায় জল ঢাললাম। শিব ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যাতে আমাদের মনস্কামনা পূরণ হয়। মাটির পুতুল নিয়ে বুড়ো শিব মন্দিরের সামনে বসেছিলেন নেতাজী সুভাষ রোডের বাসিন্দা গোপাল দত্ত। তিনি বলেন, সকাল থেকে ভালই বিক্রি হচ্ছে। বেলায় আরও ভালো বিক্রি হবে আশা করছি। যোগনাথ শিবমন্দিরের প্রধান সন্ন্যাসী বাবুলাল গোস্বামী জানান,  এদিন ভোরে শিবলিঙ্গকে দুধ, দই, ঘি, মধু, চিনি ও পঞ্চামৃত দিয়ে অভিষেক অর্থাৎ মহাস্নান করানো হয়। শ্রাবণ মাসের শেষ সোমবার দুধের পরমান্ন এবং লুচি, মালপোয়া ভোগ নিবেদন করে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ