Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

শনিবার ভরসন্ধ্যায় বারাসতের কদম্বগাছিতে একাধিক গোডাউনে বিধ্বংসী আগুন। দাউদাউ করে পুড়ে ছাই সমস্ত সামগ্রী। আর এর জেরে তীব্র যানজট তৈরি হয়ে যায় ব্যস্ত বারাসত-টাকি রোডে।

বারাসতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন
  • ২১ জুন, ২০২৫ ২১:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার ভরসন্ধ্যায় বারাসতের কদম্বগাছিতে একাধিক গোডাউনে বিধ্বংসী আগুন। দাউদাউ করে পুড়ে ছাই সমস্ত সামগ্রী। আর এর জেরে তীব্র যানজট তৈরি হয়ে যায় ব্যস্ত বারাসত-টাকি রোডে। ফলে ঘটনাস্থলে দমকল পৌঁছতে কিছুটা দেরি হয়। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আগে জেলায় হয়নি বলেই দাবি স্থানীয়দের। অকুস্থলের পাশেই রয়েছে ঘনজনবসতি। স্বাভাবিকভাবে এ নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকাতে। আতঙ্কে অনেকে বাড়িও ছেড়েছেন।

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বারাসত শহর লাগোয়া কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের বামুনমোড়া এলাকায় একটি বিশাল জায়গাজুড়ে গোডাউন রয়েছে। সেখানে রয়েছে রং, ইলেকট্রনিক্সের সামগ্রী ও শিশুদের ন্যাপকিনের বড় বড় গোডাউন। কম করে ৮ থেকে ১০ টি বড় বড় গোডাউন রয়েছে এই চত্বরে। চারিদিকে ঘেরা রয়েছে কংক্রিটের দেওয়ালে। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ সেখান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে গোটা টাকি রোড কার্যত স্তব্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দা নিজামুল কবির, আব্দুল রহিমরা জানিয়েছেন, একটি দেওয়াল দিয়ে কয়েক বিঘা জমির উপর একাধিক কোম্পানির গোডাউন রয়েছে। তার একটিতে আগুন লাগার পর থেকে দাউদাউ করে একের পর এক গোডাউন আগুন ধরে। ধোঁয়া ও দুর্গন্ধে ভরে ওঠে এলাকা। উড়তে থাকে ছাই। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল ঘটনাস্থলের পাশের বাসিন্দারা পরিমড়ি করে বাড়ির ছাড়তে শুরু করেন। তবে কী কারণে এই ধরনের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। শেষ পাওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। পাশাপাশি পৌঁছেছেন পুলিসের পদস্থকর্তা ও বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

Advertisement
সম্পর্কিত সংবাদ