Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এলাকাবাসীর সহযোগিতায় গড়ে উঠেছে বীজ ব্যাঙ্ক, ১৪ বছরে ৬ লক্ষ গাছের চারা বিলি জলপাইগুড়ির দেব দম্পতির

ছেলে জন্মগ্রহণের পর খুশিতে নার্সিংহোমের কর্মীদের মিষ্টিমুখ করানোর পরিবর্তে তুলে দিয়েছিলেন নিমের চারা। নার্সিংহোম থেকে সদ্যোজাত সন্তানকে বাড়ি নিয়ে আসার পর যাঁরা দেখতে আসেন, সবার হাতে তুলে দেন ফুল, ফলের চারা। সেই শুরু।

এলাকাবাসীর সহযোগিতায় গড়ে উঠেছে বীজ ব্যাঙ্ক, ১৪ বছরে ৬ লক্ষ গাছের চারা বিলি জলপাইগুড়ির দেব দম্পতির
  • ৭ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ছেলে জন্মগ্রহণের পর খুশিতে নার্সিংহোমের কর্মীদের মিষ্টিমুখ করানোর পরিবর্তে তুলে দিয়েছিলেন নিমের চারা। নার্সিংহোম থেকে সদ্যোজাত সন্তানকে বাড়ি নিয়ে আসার পর যাঁরা দেখতে আসেন, সবার হাতে তুলে দেন ফুল, ফলের চারা। সেই শুরু। ছেলের বয়স এখন ১৪ বছর। অষ্টম শ্রেণির ছাত্র। কিন্তু উদ্যোগ থামেনি বাবা-মায়ের। ফি বছর ছেলের জন্মদিন উপলক্ষ্যে গাছের চারা বিলি করেন জলপাইগুড়ির দেব দম্পতি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরং এবার একটু আগেভাগেই শুরু হয়েছে চারা বিলি। ওই দম্পতির বাড়ির সামনে থরে থরে সাজিয়ে রাখা তুলসি, বেল, বকুল, আতা, কাঁঠাল, অ্যাভোকাডোর চারা। পথচারী থেকে এলাকাবাসী, যাঁর যে গাছ পছন্দ, নিয়ে যাচ্ছেন সেটি। ১১ সেপ্টেম্বর ছেলে শীর্ষচন্দ্রের জন্মদিন। কিন্তু গত জুন মাস থেকে গাছের চারা বিলি শুরু করেছেন মৃদুল দেব ও শুভ্রা দেব। এবছর ইতিমধ্যেই ২০ রকমের গাছের চারা বিলি করেছেন। টার্গেট ৬০ হাজার চারা বিলির। ১৪ বছরে দেব দম্পতি বিলি ৬ লক্ষ গাছের চারা। 

Advertisement

হাজার হাজার গাছের চারা বিলি মুখের কথা নয়।  সেজন্য সারাবছর ধরে বীজ সংগ্রহ করেন মৃদুল ও শুভ্রা। তারপর সেই বীজ থেকে তৈরি করেন চারা। ওই চারাই তুলে দেন এলাকাবাসী ও পথচলতি মানুষের হাতে। এজন্য গোটা বাড়ি নার্সারির চেহারা নিয়েছে। উঠোন থেকে ছাদ শুধুই ফুল, ফল, ভেষজ গাছের চারা। 

দেব দম্পতির উদ্যোগে এলাকায় জলপাইগুড়ির বামনপাড়ায় গড়ে উঠেছে বীজ ভাণ্ডার। এগিয়ে এসেছেন ক্লাবের ছেলেরা। এলাকার মানুষ ফল খেয়ে কেউ বীজ ফেলেন না। বীজ ভাণ্ডারে এসে দিয়ে যান সমস্ত বীজ। বছর তিনেক আগে ট্রাকে করে বস্তা ভর্তি বীজ নিয়ে গিয়ে ছড়িয়ে দিয়ে আসা হয়েছিল গোরুমারার জঙ্গলে। এবার তিস্তার পাড়ে ফুল, ফলের বীজ ছড়ানোর পরিকল্পনা রয়েছে দেব দম্পতির। সেই লক্ষে এখন বীজ ভাণ্ডারে ফুল, ফলের বীজ সংগ্রহ চলছে। 

শুধু ছেলের জন্মদিন উপলক্ষ্যে নয়, সারাবছর ধরেই দেব দম্পতির বাড়ি থেকে গাছ বিলি চলে। শুভ্রা জলপাইগুড়ি শহরের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। তিনি বলেন, বাড়িতে কোনও অনুষ্ঠান হলে অনেকে উপহার নিয়ে আসেন। রিটার্ন গিফট হিসেবে তাঁদের গাছের চারা দিই আমরা। জন্মদিনে ছেলে স্কুলে হরেক চারা নিয়ে যায়। বন্ধুদের হাতে তুলে দেয়। শুভ্রার স্বামী পেশায় ব্যবসায়ী মৃদুল বলেন, এখন শ্রাবণ মাস চলছে। সেজন্য বেলের চারা বিলি করছি। সঙ্গে বকুল, তুলসি, আতা, কাঁঠাল, মেহগনি, অ্যাভোকাডোর চারা তুলে দিচ্ছি। চারা বিলি করতে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়ে থাকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ