Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দেউলপোতা গ্রাম্যগোষ্ঠীর বাসন্তী মেলা ও সংহতি উৎসব ঘিরে জমজমাট খেজুরি

খেজুরির দেউলপোতা গ্রাম্যগোষ্ঠীর উদ্যোগে ৫২তম বর্ষের বাসন্তী মেলা ও সংহতি উৎসবকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে এলাকা।

দেউলপোতা গ্রাম্যগোষ্ঠীর বাসন্তী মেলা ও সংহতি উৎসব ঘিরে জমজমাট খেজুরি
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সৌমিত্র দাস, কাঁথি: খেজুরির দেউলপোতা গ্রাম্যগোষ্ঠীর উদ্যোগে ৫২তম বর্ষের বাসন্তী মেলা ও সংহতি উৎসবকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে এলাকা। প্রতি বছরই আকর্ষণীয় মণ্ডপ, প্রতিমা, সাজসজ্জার পাশাপাশি অনুষ্ঠানের আয়োজন করে এলাকায় সাড়া ফেলে দেয় দেউলপোতা গ্রাম্যগোষ্ঠী। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। বৃহস্পতিবার সেই আনন্দযজ্ঞের সূচনা হল। আগামী ১১এপ্রিল পর্যন্ত উৎসব চলবে। পুজো ঘিরে গোটা এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। মন্দিরের আদলে সুদৃশ্য ও সুউচ্চ মণ্ডপের পাশাপাশি প্রতিমা দর্শনার্থীদের নজর কেড়েছে। চন্দননগরের বাহাতি আলোকামালায় সাজিয়ে তোলা হয়েছে উৎসব প্রাঙ্গণ। চিলড্রেন পার্ক, ঝর্ণা, নাগরদোলা সহ হরেকরকমের আনন্দ-বিনোদনের উপকরণ রয়েছে। প্রচুর দোকানপাট ও পসরা বসেছে। শুধু খেজুরি নয়, দূরদূরান্ত থেকে বহু মানুষ মেলা দেখতে আসেন। নানা অনুষ্ঠান-কর্মসূচিতে অংশ নেন। এবার গ্রাম্যগোষ্ঠীর উদ্যোগে বহুরূপী কয়েকদিন ধরে এলাকায় ঘুরে ঘুরে বাসন্তী পুজোর বিশেষ প্রচারও করেছেন।

Advertisement

গ্রাম্যগোষ্ঠীর মুখ্য উপদেষ্টা তনুজ বেরা, সভাপতি নির্মল পাত্র, সম্পাদক দীপ্তার্ঘ্য মহাপাত্র বলেন, মানুষকে আনন্দ-বিনোদন দিতেই এই আয়োজন। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানে শামিল হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন বাসন্তী মেলা কমিটির সভাপতি দেবাশিস পণ্ডা, সম্পাদক রণজিৎ মাইতি, সংহতি উৎসব কমিটির সভাপতি অভিজিৎ দাস, সম্পাদক ঋত্বিক পাল প্রমুখ। বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহ ঘটোত্তলনের পাশাপাশি মণ্ডপ ও প্রতিমার আবরণ উন্মোচন  হয়। উদ্বোধন করেন স্বামী সর্বপ্রদানন্দজি মহারাজ। ‘বাসন্তিকা’ স্মরণিকার উদ্বোধন হয়। আজ, শুক্রবার বিশিষ্টদের উপস্থিতিতে বাসন্তী  মেলা ও সংহতি উৎসবের সূচনা হবে। শনিবার রয়েছে দিদি নম্বর-১ অনুষ্ঠান। প্রথম তিনদিন পশ্চিম মেদিনীপুরের কাঠিনৃত্য, ওড়িশার সম্বলপুরী নৃত্য, গুজরাতি নৃত্য মঞ্চ মাতাবে। রবিবার রয়েছে সাহিত্যবাসর। সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবে ‘গানদরিয়া’ মিউজিক্যাল ট্রুপ। সোমবার ‘পর্যটন মানচিত্রে খেজুরি’ আলোচনাচক্র রয়েছে। আকর্ষণীয় রাবণ দহনের মধ্য দিয়ে দশেরা উদযাপন হবে। মঙ্গলবার রয়েছে আকর্ষণীয় নৃত্য প্রতিযোগিতা। মঙ্গলবার থেকে তিনদিন মঞ্চ আলো করবেন গায়িকা দেবলীনা নন্দী, ‘উড়ান’ সিরিয়ালের নায়িকা পূজারিণী, ‘গৃহপ্রবেশ’ সিরিয়ালের নায়িকা শুভলক্ষ্মী সহ আরও অনেক নামী তারকা। ত্রয়োদশীতে বিচিত্রানুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি মঞ্চ মাতাবেন ‘খাদান’ সিনেমার নায়িকা ইধিকা পাল। চতুর্দশীতে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে। রাতে রয়েছে ডিজে নাইট। এর আগে মার্চের শেষ সপ্তাহে রক্তদান শিবির, অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ