জোড়াফুল প্রতীকের ভবিষ্যৎ নির্ধারণ  আজ দিল্লিতে, কৌতূহল সারা বাংলার
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নির্দেশে আপাতত ফ্রিজ হয়ে যায় জোড়াফুল প্রতীক। ঠিক তার পরদিনই কমিশন জানিয়ে দেয় মমতা তৃণমূল কংগ্রেসের প্রতীক হল ফুটবলার। আর গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রতীক হল খাম। প্রশ্নটা এখানেই, জোড়াফুল প্রতীক আদৌ কি ফিরে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? না কি জোড়াফুল প্রতীক উঠবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের হাতে? সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বাংলার রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে আজ, শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠকের দিকে। 

Advertisement

আজ, দুপুর ৩টেয় তৃণমূলের দুই শিবিরের প্রতিনিধিদের মুখোমুখি বসিয়ে কথা বলবে নির্বাচন কমিশন। এযাবৎকালে যে-সমস্ত নথিপত্র দুই শিবিরের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে, তার ভিত্তিতে বেশকিছু প্রশ্নের খোঁজার আজ চেষ্টা করবে কমিশন। ফলে বৈঠকের গতিপ্রকৃতি এবং দুপক্ষের বক্তব্যের সূত্র থেকে একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে জোড়াফুলের ভবিষ্যৎ কোন দিকে। ইতিমধ্যে দুই শিবিরই তাদের মতো করে কী কী বক্তব্য উপস্থাপন করবে, তার প্রস্তুতি নিয়ে ফেলেছে। 
মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের পক্ষ থেকে বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েন। অন্যদিকে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামানরা। 
মমতা শিবির বলছে, দলের চেয়ারপার্সন নেত্রী, তা দলের সংবিধানেই লেখা আছে। আর এযাবৎকালে কমিশন যতবার কাগজপত্র চেয়েছে, তা যথাসময়ে জমা দেওয়া হয়েছে। কিন্তু ঋতব্রত শিবির শুধু সময় নিয়েছে। তার উপর মিথ্যা কাগজপত্র তৈরি করেছে ওরা। 
অন্যদিকে, ঋতব্রত শিবিরের বক্তব্য, জনপ্রতিনিধি-কর্মীদের উপস্থিতিতেই আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছি। যেটা মমতা শিবির করত না। 
মমতা শিবিরের সাংসদ দোলা সেন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে বিজেপি। তাই এ, বি, সি টিম তৈরি করে মমতার পার্টিকে শেষ করার চক্রান্ত করছে। কিন্তু আমাদের আস্থা আছে নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের উপর। 
অন্যদিকে, ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান বলেন, কালীঘাটের লোকজন যাই বলুক, জোড়াফুল প্রতীক আমাদের হাতেই উঠবে।