Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সংস্কার হলেও বৃষ্টির জেরে ফের বেহাল অবস্থায় পুরন্দরপুর স্কুল মোড়ের রাস্তা

সংস্কারের কাজ হয়েছিল। তবে বৃষ্টি শুরু হতেই পুরন্দরপুর স্কুল মোড়ের অবস্থা আবারও বেহাল হয়ে পড়েছে।

সংস্কার হলেও বৃষ্টির জেরে ফের বেহাল অবস্থায় পুরন্দরপুর স্কুল মোড়ের রাস্তা
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সংস্কারের কাজ হয়েছিল। তবে বৃষ্টি শুরু হতেই পুরন্দরপুর স্কুল মোড়ের অবস্থা আবারও বেহাল হয়ে পড়েছে। রাস্তার একাংশ বসে গিয়ে বিশাল গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলেই ওই গর্ত জলমগ্ন হয়ে পড়ছে। ফলে ওই পথ ধরে চলাচল করতে গিয়ে মাঝেমধ্যেই টোটো উল্টে যাচ্ছে। অসাবধান হলেই বাইক ও সাইকেল চালকেরাও সেই গর্তে হুমড়ি খেয়ে পড়ছেন। বেহাল রাস্তা সংস্কার না হওয়ায় জনমানসে ক্রমশ ক্ষোভ বাড়তে শুরু করেছে। স্থানীয়দের দাবি, সড়কপথে জেলার নানা প্রান্তের সঙ্গে যোগাযোগ রক্ষায় পুরন্দরপুর স্কুল মোড় যথেষ্টই গুরুত্বপূর্ণ। সিউড়ির সঙ্গে বোলপুর সহ আহমেদপুর, কীর্ণাহারের যোগাযোগের ক্ষেত্রে যে কোনও গাড়ি, বাস ওই মোড় হয়েই চলাচল করে। অভিযোগ, মাত্রাতিরিক্ত ভারি যানবাহন চলাচলের জেরেই বারংবার রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ ওই মোড়ের রাস্তা বিগত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে, স্থানীয় সহ গাড়ি চালকেরা বড় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন। সেইসঙ্গে নিত্য যানজটের সমস্যাও ক্রমশ বাড়ছে। সমস্যা সমাধানে জেলা পরিষদ কর্তৃপক্ষ দ্রুত ওই রাস্তা সংস্কারের কথা স্পষ্ট করেছে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, খুব তাড়াতাড়ি ওই রাস্তাটি সংস্কার করা হবে। সেইসঙ্গে মাত্রাতিরিক্ত ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রেও রাশ টানা হবে।
পুরন্দরপুর মোড় হয়ে দিনভর সিউড়ি-বোলপুর সহ সিউড়ি-আহমেদপুর ও কীর্ণাহারের বাস চলাচল করে। এছাড়াও গুরুত্বপূর্ণ ওই মোড় হয়ে জেলার বাণিজ্যিক শহর সাঁইথিয়ার সঙ্গেও সড়কপথে যোগাযোগ রক্ষা হয়। স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ এই মোড়ে রাস্তার একাংশ বসে গিয়ে গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার  যথেষ্ট আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে স্কুলের পড়ুয়াদেরও একাধিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তবে শুধু পুরন্দরপুর স্কুল মোড় নয়, সাঁইথিয়ার দিকে যাওয়ার পথেও রাস্তার কিছুটা অংশের পিচের আস্তরণ উঠে বেহাল হয়ে পড়েছে। এছাড়াও সিউড়ি থেকে পুরন্দরপুর মোড় পৌঁছানোর রাস্তার একাংশও বেহাল অবস্থায় রয়েছে। পুরন্দরপুর মোড় থেকে কয়েশো মিটার দূরেই রাস্তার একাংশে জল দাঁড়িয়ে থাকছে। সেইসঙ্গে রাস্তার উপর থেকে পিচের আস্তরণ সরে গিয়ে গর্ত তৈরি হচ্ছে। 
স্থানীয় ব্যবসায়ী রাজু সাহা বলেন, আগেও পুরন্দরপুর মোড়ের এই রাস্তা সংস্কার হয়েছিল। তবে, আবারও বৃষ্টি শুরু হতেই রাস্তা বেহাল হয়ে পড়েছে। রাস্তায় বড় গর্ত তৈরি হয়েছে। দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। মাঝেমধ্যেই টোটো ও বাইক উল্টে পড়ছে। দ্রুত এই রাস্তা সংস্কার করা প্রয়োজন। নইলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রেজাউল খাঁ বলেন, পুরন্দরপুর মোড় সহ সিউড়ি এবং সাঁইথিয়ার দিকের রাস্তার একাংশও বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা ক্রমশ চলার অযোগ্য হয়ে উঠছে। দ্রুত সংস্কার না হলে রাস্তার হাল আরও খারাপ হবে। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ