সরকারি নির্দেশ সত্ত্বেও টোটোর দৌরাত্ম্য, কালীপুজোর মুখে বারাসতে ভোগান্তি
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: টোটো চলাচল নিয়ন্ত্রণে একাধিকবার প্রশাসনিক নির্দেশ জারি হয়েছে। সরব হয়েছেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিংও। এতকিছুর পরেও ছবিটা বদলায়নি। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই জেলা সদর বারাসতের রাজ্য ও জাতীয় সড়কে চলছে টোটোর দাপাদাপি। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেআইনি পার্কিং ও যানজট। কালীপুজোর মুখে বাজারমুখী মানুষের ভিড় বাড়তেই এই সমস্যায় নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। বিধায়কের বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছে শহরে।

Advertisement

বারাসতের কেএনসি রোড থেকে বড়বাজার, আদালত চত্বর, চাঁপাডালি মোড়, ডাকবাংলো ও কলোনি মোড়—শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় টোটোর দৌরাত্ম্যে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। একই অবস্থা বারাসতের জাতীয় সড়ক ও রাজ্য সড়কেও। যাত্রী তোলার জন্য যেখানে-সেখানে দাঁড়িয়ে পড়ছে টোটো। পিছনে জমছে বাইক, গাড়ির লম্বা সারি। তার উপর রাস্তার দু’ধারে বেআইনি পার্কিংয়ের কারণে চলাচলের জায়গা আরও সংকুচিত হয়ে পড়ছে। একই পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে মধ্যমগ্রামের বিভিন্ন ব্যস্ত রাস্তার যাত্রীদেরও। স্থানীয় বাসিন্দা রাজীব বক্সির অভিযোগ, দিনের পর দিন টোটোর সংখ্যা বাড়লেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। একাধিকবার প্রশাসনিক নির্দেশ জারি হওয়া সত্ত্বেও কেন টোটোর যত্রতত্র চলাচল বন্ধ করা যাচ্ছে না। মন্ত্রী অর্জুন সিংয়ের তরফে রাজ্য পুলিশের ডিজিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলার পরেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় প্রশাসনিক পদক্ষেপের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছেন বাসিন্দারা। এর জেরে সমস্যায় পড়ছেন বয়স্ক ও অসুস্থ মানুষ। ফুটপাথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে না পেরে অনেককে মূল রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। ফলে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। 
এদিকে, জেলা সদর বারাসতে টোটোর দৌরাত্ম্য ও যানজটের সমস্যা নিয়ে বিজেপির দলীয়স্তরে কিংবা স্থানীয় বিধায়ক শংকর চট্টোপাধ্যায়ের তরফে পদক্ষেপ করা হচ্ছে না বলেও দাবি বাসিন্দাদের। তাঁদের প্রশ্ন, প্রশাসনিক নির্দেশ এবং মন্ত্রীর হুঁশিয়ারির পরেও যখন পরিস্থিতির বদল হচ্ছে না, তখন স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা কী? এ বিষয়ে বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি।  নিজস্ব চিত্র