তরুণ-মন জয়ে মরিয়া, এবার মোদির ভরসা ‘জিটিএ ৬’ গেম, দুই অপরাধী চরিত্র পছন্দ হল কেন, খোঁচা কংগ্রেসের
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জেন জি আন্দোলনে বেসামাল। এর আগে রাতদুপুরে বানিয়েছেন রিল। তরুণদের মন জয়ে এবার প্রধানমন্ত্রী মোদির ভরসা জনপ্রিয় ভিডিয়ো গেম— গ্র্যান্ড থেফ্ট অটো (জিটিএ)। গেমটির পঞ্চম সংস্করণ এসেছিল ২০১৩ সালে, পূর্বতন ইউপিএ জমানায়। ষষ্ঠ সংস্করণ এল বৃহস্পতিবার। সেই আবহেই এদিন দুই ভার্সনের তুলনা টেনে প্রধানমন্ত্রী ঠেস দিয়েছেন পূর্বের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে। ইউপিএ শাসনের তুলনায় এনডিএ সরকারের অর্থনৈতিক উন্নয়নের বিস্তার কতটা বেশি, সেই পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি। যদিও মোদির তরুণ-মন জয়ের এই নয়া কৌশলকে পালটা কটাক্ষ করেছে কংগ্রেস। হাত শিবিরের প্রশ্ন, প্রধানমন্ত্রীর এমন গেম কেন পছন্দ হল যার চালিকাশক্তি দুই অপরাধী চরিত্র?

Advertisement

জিটিএ সিক্স-এর প্রেক্ষাপট হল লিওনিডা নামক একটি কাল্পনিক রাজ্য। কেন্দ্রীয় চরিত্রে জেসন ও লুসিয়া। তারা বৃহত্তর ষড়যন্ত্রে জড়িয়ে পড়া অপরাধী জুটি। সেই সূত্রেই একযোগে প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খোঁচা দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘তরুণদের কাছে পৌঁছানোর মরিয়া চেষ্টায় প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জিটিএ ফাইভ এবং জিটিএ সিক্স-এর ছবি ব্যবহার করেছেন। উল্লেখ্য, এই ভিডিও গেমটি এক অপরাধী জুটিকে কেন্দ্র করে নির্মিত। কী চমৎকার মানানসই!’
এর আগে এদিন প্রধানমন্ত্রী এক্স পোস্টে লেখেন, ‘ভারত এখন সম্পূর্ণ নতুন একটি গেম খেলছে!’ সেইসঙ্গেই ২০১৩ সালের (ইউপিএ আমল) তুলনায় বর্তমান ভারতের আর্থিক অবস্থান ও উন্নয়নের সূচকগুলি কতটা শক্তিশালী, তার তুল্যমূল্য গ্রাফিক পোস্ট করেছেন তিনি। সেখানে দাবি করা হয়েছে, মোদি সরকারের 
শাসনে দেশে চরম দারিদ্র ২৭ শতাংশ থেকে কমে হয়েছে ২.৬ শতাংশ। বিশ্বের দ্রুততম বৃদ্ধির বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। সৌরশক্তির উৎপাদন ২.৮২ গিগাওয়াট থেকে বেড়ে হয়েছে ১৭৫ গিগাওয়াট। মহাকাশ গবেষণায় স্টার্টআপের সংখ্যা ছিল মাত্র একটি। বর্তমানে তা হয়েছে ৪৪০টি। রেলে বৈদ্যুতিকরণ ২০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়েছে ৯৯.৬ শতাংশ হয়েছে। ব্যাপক কমেছে ইন্টারনেট ডেটার খরচ। ৩জি যুগে ১ জিবি ডেটার খরচ ছিল ৩০৮ টাকা। ৫জি যুগে তা কমে হয়েছে মাত্র ৭.৫১ টাকা।