Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

২৬ জুলাই কল্যাণীতেই ডার্বি, পিছিয়ে গেল লিগের বড় ম্যাচ

শেষ পর্যন্ত  আশঙ্কাই সত্যি হল। শনিবার ঘরোয়া লিগের ডার্বি হচ্ছে না। তবে বড় ম্যাচের নতুন দিন ঘোষণা করে দিল আইএফএ। আগামী ২৬ জুলাই কল্যাণীতেই হবে মর্যাদার মহারণ।

২৬ জুলাই কল্যাণীতেই ডার্বি, পিছিয়ে গেল লিগের বড় ম্যাচ
  • ১৮ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ পর্যন্ত  আশঙ্কাই সত্যি হল। শনিবার ঘরোয়া লিগের ডার্বি হচ্ছে না। তবে বড় ম্যাচের নতুন দিন ঘোষণা করে দিল আইএফএ। আগামী ২৬ জুলাই কল্যাণীতেই হবে মর্যাদার মহারণ। খেলা শুরু বিকেল সাড়ে ৫টায়। অর্থাৎ মরশুমের প্রথম ডার্বির আগে বাড়তি সময় পেয়ে যাচ্ছে দুই প্রধান। এদিকে, শনিবারের ম্যাচ বাতিল হওয়ায় প্রচণ্ড ক্ষিপ্ত মোহন বাগান। সভাপতি দেবাশিস  দত্তর মন্তব্য, ‘আইএফএ’র কল্যাণে ঘরোয়া লিগ এখন হাসির খোরাক। খোদ মুখ্যমন্ত্রী ফুটবলের প্রসারে উদ্যোগী। সেখানে আইএফএ’র বালখিল্য মনোভাব মানা যায় না। এই বিষয়ে হস্তক্ষেপের জন্য ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ জানাই।’ অন্যদিকে লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারের আক্ষেপ, ‘ম্যাচটা নির্দিষ্ট দিনে হলেই ভালো হতো।’

Advertisement

কেন বাতিল হল ঘরোয়া লিগের ডার্বি? কল্যাণীর বড় ম্যাচ নিয়ে প্রশ্নচিহ্ন ছিলই। এমনকী, প্রাথমিকভাবে প্রশাসনিক অনুমতিও মেলেনি। তবু ম্যাচ আয়োজনে মরিয়া ছিল বঙ্গ ফুটবল সংস্থা। বৃহস্পতিবার দফায় দফায় পুলিসের বড় কর্তাদের সঙ্গে বৈঠক করেন আইএফএ সচিব। রানাঘাটের এসপি আশিস মৌর্য, অ্যাডিশনাল এসপি সিদ্ধার্থ ধাপোলার সঙ্গে আলোচনার পর ডার্বি পিছিয়ে দেওয়া হয়। সূচি অনুযায়ী ম্যাচ ছিল শনিবার । অর্থাৎ হাতে একেবারেই সময় কম। ২৪ ঘণ্টার ব্যবধানে টিকিট স্ট্যাম্পিংয়ের পর তা বিক্রি করা অসম্ভব। অন্যান্য খুঁটিনাটি বিষয় নিয়েও জটিলতা রয়েছে। এত কম সময়ে হাই-ভোল্টেজ ডার্বি আয়োজন সত্যিই চাপের। আইএফএ সচিব অনির্বাণ দত্তের মন্তব্য, ‘সমর্থকদের কথা ভেবেই বড় ম্যাচ কয়েকদিন পিছিয়ে দেওয়া হচ্ছে।’ মুখরক্ষায় ২৬ জুলাইয়ের বড় ম্যাচ সফলভাবে আয়োজন করাই আইএফএ’র চ্যালেঞ্জ। সূত্রের খবর, দ্রুত অনলাইন টিকিট বাজারে ছাড়া হবে। মোবাইল ফোনে স্ক্যান করিয়ে মাঠে প্রবেশের বন্দোবস্ত থাকছে। শুধু তাই নয় পানীয় জল, ব্যাগেজ কাউন্টার, কার পার্কিংয়ের সুবন্দোবস্ত করতে মরিয়া প্রশাসন। 
কল্যাণীর মাঠ বরাবরই সবুজ মখমল। অতীতে ঘরোয়া লিগ তো বটেই, আই লিগের বিভিন্ন দলের প্রশংসাও আদায় করে নিয়েছে শিল্পনগরী। কিন্তু এবার বৃষ্টিতে বেশ বেহাল মাঠের অবস্থা। মোহন বাগানের কোচ ডেগি কার্ডোজো কল্যাণীর মাঠ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ। তাঁর অভিযোগ, এমন মাঠ ডার্বির অযোগ্য। হাতে কিছুটা সময় পাওয়ায় মাঠ সংস্কারে ঝাঁপাচ্ছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় প্যাচ ওয়ার্ক করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ