বিভিন্ন চিটফান্ড কোম্পানির একশো সম্পত্তি  নিলামের অনুমতি চেয়ে ডিইওর চিঠি নবান্নে
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল জমানায় বিভিন্ন চিটফান্ড সংস্থায় টাকা রেখে প্রতারিত ব্যক্তিদের টাকা ফেরাতে একশোটি সম্পত্তি চিহ্নিত করল ডিরেক্টরেট অব ইকোনোমিক অফেন্সেসেস (ডিইও)। এই সম্পত্তিগুলি নিলামের ব্যাপারে নবান্নের অনুমতি চাওয়া হয়েছে। সবুজসংকেত পেলেই সেগুলি দ্রুত বিক্রির প্রক্রিয়া শুরু হবে। 

Advertisement

সারদা, রোজভ্যালি কাণ্ডের পর জানা যায়, রাজ্যে একাধিক বেআইনি অর্থলগ্নি সংস্থা চলছে। সেবি, রিজার্ভ ব্যাংক প্রভৃতি নিয়ামক সংস্থার অনুমতি ছাড়াই তারা বাজার থেকে বিপুল টাকা তুলেছে বলে অভিযোগ। একাধিক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর বিভিন্ন জেলায় কেস রুজু হয়। সিবিআই যে-সমস্ত মামলার তদন্তভার নেয়নি সেগুলি রাজ্য পুলিশের হাতেই ছিল। পিনকন, ভিবজিওর, আইকোর প্রভৃতি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করে ডিইও। 
সংশ্লিষ্ট কোম্পানিগুলির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, কয়েকজনকে জেরা করা ছাড়া পূর্বতন সরকারের আমলে এসব মামলার তদন্ত আর এগোয়নি। এই সুযোগে চিটফান্ড কোম্পানির কর্ণধাররা তাঁদের সম্পত্তিগুলির হাতবদল করেন। এমনকি আমানতকারীদের টাকায় কেনা ওই সম্পত্তি অন্যের নামে রেজিস্ট্রি পর্যন্ত হয়ে যায়। ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত টাকা অল্পদিনেই তুলে  নেন চিটফান্ড কর্ণধাররা।  চিটফান্ড কোম্পানিগুলি তাদের যে-সমস্ত সম্পত্তি ট্রান্সফার করেনি সেগুলির ‘অ্যাটাচমেন্টের’ জন্য কোনো প্রক্রিয়াও শুরু হয়নি। ওই কারণে জমি বেচে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানো যায়নি। অথচ বেশিরভাগ কেসের চার্জশিট হয়ে গিয়েছে।
যে-সমস্ত চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে, রাজ্যে পালাবদলের পর তাদের সম্পত্তি চিহ্নিত করার জন্য নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়। সেইমতো কাজও শুরু হয় ডিইওর তরফে। তা করতে গিয়ে তদন্তকারীরা দেখেন, চিটফান্ড কোম্পানিগুলির মালিকানাভুক্ত বেশকিছু জমিতে আইনি জটিলতা রয়েছে। সমস্ত নথি বিশ্লেষণের পর আইকোর, পিনকন প্রভৃতি চিটফান্ড কোম্পানির আপাতত একশোটি সম্পত্তি চিহ্নিত করছেন তাঁরা। এগুলি আদালতের নির্দেশ নিয়ে অ্যাটাচ করা হয়েছে। 
কিন্তু এগুলি নিলাম করতে গেলে আদালতের অনুমতির পাশাপাশি সরকারেরও ছাড়পত্র লাগে। কারণ জমি সংক্রান্ত বিষয়টির সঙ্গে যুক্ত ভূমি ও ভূমিরাজস্ব-সহ একাধিক সরকারি দপ্তর। চিটফান্ড কোম্পানির মালিকানাভুক্ত জমি ডিইওর নামে ট্রান্সফার করতে জরুরি একধিক সরকারি দপ্তরের এনওসি। তারপর আদালতের নির্দেশ নিয়ে সেগুলি নিলাম করা সম্ভব। ওই সূত্রে প্রাপ্ত অর্থে তহবিল গড়ে সংশ্লিষ্ট চিটফান্ড কোম্পানিগুলির দ্বারা প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ নেবে নবান্ন। পাশাপাশি বিভিন্ন চিটফান্ড কোম্পানির কর্ণধারদের মধ্যে ৬০ জন এখনো পলাতক। 
সূত্রের খবর, তিনজন রয়েছেন দুবাইতে। দেশে ফিরিয়ে তাদের আইনি ব্যবস্থা মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।