Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ, মালদহ রুটে এনবিএসটিসি’র এসি বাস ফের চালুর দাবি

রায়গঞ্জ, মালদহ রুটে এনবিএসটিসি’র এসি বাস ফের চালুর দাবি
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হিলি: তীব্র গরমে যাতায়াতে স্বস্তি পেতে বালুরঘাট ডিপো থেকে রায়গঞ্জ ও মালদহ রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এসি বাসগুলি ফের চালু করার  দাবি উঠল। আগে বালুরঘাট ডিপো থেকে এই দুই রুটে নিয়মিত দু’টি এসি বাস চলত। কিন্তু এবছর তা চালু করা হয়নি। যাত্রীদের একাংশের দাবি, বন্ধ করে রাখা এসি বাসগুলি  ফের চালু করা হোক। বালুরঘাট ডিপো কর্তৃপক্ষ ফের এসি বাসগুলি চালু করা যায় কি না, সে ব্যাপারে  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে। 

Advertisement

বালুরঘাটের একটি  কলেজে অধ্যাপনা করেন গঙ্গারামপুরের বাসিন্দা সমীর বসাক। তিনি বলেন,আমি বালুরঘাটে নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে এনবিএসটিসি’র বাস বেশি পছন্দ  করি। এর আগে বিশেষ করে গরমের সময় রায়গঞ্জ ও মালদহ রুটের এসি বাসগুলিতে নিয়মিত যাতায়াত করেছি। শুনেছি এখন এসি বাসগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তীব্র গরমে ফের এসি বাসগুলি চালু করা হলে অনেক নিত্যযাত্রীর সুবিধা হবে। 
বালুরঘাট ডিপো সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন জেলার  বিভিন্ন জায়গার পাশাপাশি  মালদহ, রায়গঞ্জ, শিলিগুড়ি,  বহরমপুর,  কৃষ্ণনগর, তুফানগঞ্জ, জলপাইগুড়ি ,মালবাজার, কলকাতা রুটে ৮৫টির বেশি বাস যাতায়াত করে। এপ্রসঙ্গে এনবিএসটিসি’র বালুরঘাট ডিপো ইনচার্জ অশোক চক্রবর্তী বলেন, ২০১৬ সাল থেকে রায়গঞ্জ ও  মালদহ রুটে দু’টি এসি বাস তিন বছরের বেশি সময় ধরে নিয়মিত যাতায়াত করেছে। পরবর্তী সময়ে যান্ত্রিক ত্রুটির  কারণে বাসগুলির এসি সারানোর সমস্যা  হওয়ায়  নতুন করে কোনও এসি বাস পরিষেবা চালু করা হয়নি। তাছাড়া গাড়িগুলি রক্ষণাবেক্ষণের জন্য আমাদের বেশিরভাগ সময়  শিলিগুড়িতে ছুটতে হতো। নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধার কথা ভেবে গুরুত্বপূর্ণ এই রুটে ফের এসি বাস চালু করা যায় কি না সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ