সংবাদদাতা, বোলপুর: রাজ্যে নতুন সরকার গঠনের পর বিভিন্ন জনমুখী পরিষেবা চালু হয়েছে। সম্প্রতি মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার ব্যবস্থাও শুরু হয়েছে। এরই মধ্যে বোলপুর-শান্তিনিকেতন সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা নতুন সরকারের কাছে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা সরকারি বাস টার্মিনাস চালুর দাবি তুলেছেন।
বোলপুর শহরের অদূরে শিবপুর মৌজার মির্জাপুর এলাকায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি আধুনিক বাস টার্মিনাস তৈরি করা হয়। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে ওই টার্মিনাসের উদ্বোধন করেন।
পরিবহন দফতর সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে প্রতিদিন সিউড়ি হয়ে বোলপুর ইলামবাজার রুটে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রায় ৬ টি বাস চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের কোনো বাস টার্মিনাস ছিল না। রাস্তার ধারেই বাসগুলিকে দাঁড় করিয়ে যাত্রীদের নামানো উঠানো হত। কোনো টিকিট কাউন্টারও না থাকায় সমস্যায় পড়তে হত নিত্যযাত্রী থেকে শুরু করে সকলকেই। এরপরই বোলপুর শহর সংলগ্ন এলাকায় একটি সরকারি বাস টার্মিনার্স গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। সেই সমস্যার সমাধান করতেই ১.২ একর জমির উপর এই বাস টার্মিনাস গড়ে তোলা হয়। সেখানে টিকিট কাউন্টার, যাত্রী প্রতীক্ষালয়-সহ বিভিন্ন পরিকাঠামোও তৈরি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, উদ্বোধনের পর কিছুদিন বাস চলাচল করলেও পরে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে টার্মিনাসের দু’টি গেটই তালাবদ্ধ। ওই চত্বরে এখন ছাগল চরতে দেখা যায়। মাঝে কিছুদিন দূরপাল্লার সরকারি বাস রাত্রিকালীন অবস্থান করলেও এখন সেটিও বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দা দিলীপ সরেন, হুসেন আলি বলেন, 'সরকারি বাস টার্মিনাস তৈরি হওয়ায় আমরা খুবই আশাবাদী ছিলাম। ভেবেছিলাম যাত্রীদের যাতায়াত বাড়বে, এলাকার ব্যবসা-বাণিজ্যও উন্নতি হবে। কিন্তু কয়েক বছর ধরে টার্মিনাসটি কার্যত বন্ধ পড়ে রয়েছে। এতে আমরা হতাশ। আশা করছি নতুন সরকার এই বাস টার্মিনাস চালু করবে।'
এদিকে, তৎকালীন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল আগেই জানিয়েছিলেন, খুব দ্রুত সেখানে পূর্ণমাত্রায় বাস পরিষেবা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে পরিবেশবান্ধব বাস পরিষেবাও ওই টার্মিনাস থেকে চালু করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তারপরেও কোনো পদক্ষেপ করা হয়নি।
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, 'তৃণমূল সরকারের আমলেই কোটি কোটি টাকা খরচ করে এই বাস টার্মিনাস তৈরি করা হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের সুবিধার জন্য সেটিকে কার্যকর করা যায়নি। আমাদের বিজেপির নতুন সরকার সদ্য গঠন হয়েছে। সমস্ত দিক দেখে আমরা সরকারকে দাবি জানাব, অবিলম্বে এই টার্মিনাস চালু করে নিয়মিত বাস পরিষেবা শুরু করা হোক। এতে সাধারণ যাত্রীদের সুবিধা হবে। এলাকারও সামগ্রিক উন্নয়ন ঘটবে।' বোলপুর এসবিএসটিসি বাস টার্মিনাস চত্বরে চরে বেড়াচ্ছে ছাগল। -নিজস্ব চিত্র