Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রামকৃষ্ণ পরমহংসের জন্মভূমি কামারপুকুরে পার্ক গড়ার দাবি

গোঘাটের কামারপুকুরে সর্বসাধারণের জন্য একটিও পার্ক নেই।

রামকৃষ্ণ পরমহংসের জন্মভূমি কামারপুকুরে পার্ক গড়ার দাবি
  • ৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আরামবাগ: গোঘাটের কামারপুকুরে সর্বসাধারণের জন্য একটিও পার্ক নেই। তাই এই কামারপুকুরে একটি পার্ক  তৈরির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। রামকৃষ্ণদেবের জন্মভূমি কামারপুকুরে দেশ-বিদেশ থেকে বহু পর্যটক আসেন। মঠ সংলগ্ন কোনও স্থানে বিনোদন পার্ক তৈরি হলে পর্যটকদের পাশাপাশি খুশি হবেন স্থানীয় বাসিন্দারাও। 

Advertisement

কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে বলেন, শিশুদের খেলার জন্য কামারপুকুরে গদাধর শিশুউদ্যান নামে একটি পার্ক রয়েছে। তবে, সর্বসাধারণের সময় কাটানোর জন্য কোনও পার্ক নেই। বাম সরকার কামারপুকুরের সৌন্দর্যায়নের জন্য কিছুই করেনি। আমাদের সরকার ক্ষমতায় এসে কামারপুকুরকে ঢেলে সাজিয়েছে। ঠাকুরের জন্মভূমি সংলগ্ন কোনও জায়গায় একটি সর্বসাধারণের জন্য পার্ক তৈরি করার দাবি আছে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনায় বসে সর্বসাধারণের জন্য যাতে একটি বিনোদনমূলক পার্ক তৈরি করা যায়, তার ব্যবস্থা করব। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতের উদ্যোগে  অনেক বছর আগে কামারপুকুরের রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের সামনে তৈরি করা হয় গদাধর শিশুদ্যান। এই শিশুউদ্যানে ছোটদের খেলার জন্য দোলনা, স্লিপার তৈরি করা হয়। কেবল মাত্র বাচ্চাদের খেলার জন্যই এই পার্কটি তৈরি হয়। প্রথম দিকে এই পার্কটি জনপ্রিয়তা পেলেও বর্তমানে এই পার্কে তেমন কেউ আসে না বললেই চলে। 
স্থানীয় বাসিন্দারা জানান, পার্কটি ছোট। পার্কটি কেবলমাত্র শিশুদের খেলার জন্যই তৈরি করা হয়েছিল। তাই পার্কের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গদাধর শিশুউদ্যান ছাড়া এই কামারপুকুরে একটিও পার্ক নেই। তাই স্থানীয় বাসিন্দারা এই  সংলগ্ন কোনও একটি স্থানে সর্বসাধারণের জন্য পার্ক তৈরির দাবি জানিয়েছেন। 
এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অর্ণব চক্রবর্তী বলেন, শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমি এই কামারপুকুরে হওয়ায় বহু ভক্ত এখানে আসেন। এখানে সর্বসাধারণের জন্য একটি বিনোদন পার্ক তৈরি করা হলে তাঁরাও ঠাকুর দর্শনের পর একটু পার্কে বসে সময় কাটাতে পারবেন। আগের থেকে বর্তমানে কামারপুকুরের অনেক উন্নয়ন  হয়েছে। তার সঙ্গে কামারপুকুরে জনসংখ্যাও বাড়ছে। তাই একটি পার্ক অত্যন্ত প্রয়োজন। তাতে সুইমিংপুল থাকলে এলাকার ছোটরা সাঁতারও শিখতে পারবে। তাই কামারপুকুরে সর্বসাধারণের জন্য বিনোদনমূলক পার্ক তৈরি করা হলে খুবই উপকৃত হব।

Advertisement
সম্পর্কিত সংবাদ