বাজেটে আরও বেশি শ্রমিককে পিএফ ও ইএসআইয়ের আওতায় আনার দাবি
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় বাজেট পেশের আগে  শিল্প ও শ্রমিক সংগঠনগুলির পরামর্শ চায় অর্থমন্ত্রক। আগামী বাজেট পেশের আগেও তাঁদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারামনের সঙ্গে ওই বৈঠকের আগেই শ্রমিকদের সামাজিক সুরক্ষার দাবি জোরালো হল। টিইউসিসির দাবি,  এমএসএমই শিল্পে শ্রমিকদের সামাজিক সুরক্ষার বহর বাড়ানো হোক। সংগঠনের বক্তব্য, এমএসএমই সংস্থাগুলি কর্মসংস্থান সৃষ্টিতে বড়ো ভূমিকা নিলেও পিএফ বা ইএসআইয়ের মতো বিধিবদ্ধ সামাজিক সুরক্ষার বোঝা ছোটো সংস্থাগুলির পক্ষে ভারী হয়ে যায়। অনেক মালিক চাইলেও শ্রমিকদের ইএসআইসি ও ইপিএফওর আওতায় আনতে পারেন না। তখন শ্রমিকরা বঞ্চিত হন এবং আইনি জটিলতায় পড়েন মালিকরা। তাই এক্ষেত্রে ইএসআইসি ও ইপিএফওতে কর্মদাতা সংস্থার দেয় টাকা বা কন্ট্রিবিউশনে ভরতুকির প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার ৫০:৫০ অনুপাতে এই ভরতুকি দেবে, যাতে আরও বেশি শ্রমিক এই সুবিধা পেতে পারেন। তবে ভরতুকির সুবিধা যাতে শ্রমিকদের কাছে সরাসরি পৌঁছায়, তার জন্য স্বচ্ছ ও সুরক্ষামূলক ব্যবস্থা আনার কথাও বলা হয়েছে। সংগঠনের মতে, এই ভরতুকি চালু হলে ছোটো কারখানা, ছোটো দোকান, ছোটো পরিষেবা সংস্থায় কর্মরত অসংখ্য শ্রমিক প্রথমবারের মতো নিয়মিত চিকিৎসা বিমা আর পেনশনের আওতায় আসবেন।

Advertisement

সংগঠনের সাধারণ সম্পাদক এস পি তিওয়ারি বলেন, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদেরও সাম্মানিক এবং সামাজিক সুরক্ষা বৃদ্ধির দাবি জানিয়েছি। একাধিক জরুরি পরিষেবা দিয়েও তাঁরা বঞ্চিত। তাই ন্যূনতম মাসিক সম্মানিক বাড়িয়ে আশা কর্মীদের জন্য ১০ হাজার, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ১৫ হাজার এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য ১২ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তাঁদের ইপিএফওর আওতায় আনারও দাবি রয়েছে, যেখানে কেন্দ্র ও রাজ্য সমান হারে মাসিক কিস্তি দেবে। রয়েছে নিয়মিত বেতন এবং অবসরকালীন নিরাপত্তা নিশ্চিত করার প্রসঙ্গও। 
সংগঠনের আরও বক্তব্য, নির্মাণ শ্রমিকরা অসংগঠিত ক্ষেত্রের সবচেয়ে বড়ো ও সবচেয়ে অসুরক্ষিত অংশ। কল্যাণ পর্ষদ থাকলেও স্বাস্থ্য ও অবসরকালীন সুরক্ষায় এখনো মস্ত ফাঁক রয়ে গিয়েছে। অনেক শ্রমিক সারা জীবন কাজ করার পরেও নিয়মিত চিকিৎসা এবং পেনশন পান না। তাই নির্মাণ এবং অন্যান্য শ্রমিকদের ইএসআইসি ও ইপিএফও দুটিরই আওতায় আনার দাবি জানানো হয়েছে। কাজের চরিত্রের সঙ্গে মানানসই একটি বিশেষ মৌলিক সামাজিক সুরক্ষা মডিউল তৈরির কথা বলা হয়েছে, যাতে শ্রমিকরা ইএসআইসির চিকিৎসা সুবিধা এবং ইপিএফওর পেনশন ও অবসরকালীন সুবিধা দুটিই পান। এই খরচ রাজ্য নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদগুলি কল্যাণ সেসের টাকা থেকে বহন করবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য সরকারগুলিকে যাতে এই প্রকল্পগুলি চালু করতে বলা হয় এবং কল্যাণ তহবিল আটকে রেখে শ্রমিকদের সামাজিক সুরক্ষা ব্যাহত না করা হয়, সেই অনুরোধও জানানো হয়েছে। সংগঠনের মতে, এই ব্যবস্থায় কাজের জায়গা বদলেও একজন নির্মাণ শ্রমিকের সুরক্ষা অক্ষুণ্ণ থাকবে।