নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, কাকদ্বীপ: সুন্দরবনের মৎস্যজীবীদের বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) বাতিলের উদ্যোগ নিয়েছে রাজ্য। এর প্রতিবাদে সরব হলেন মৎস্যজীবীরা। তাঁদের অভিযোগ, সুন্দরবন টাইগার রিজার্ভের বিট অফিস হঠাৎই মৎস্যজীবীদের বিএলসি বাতিল করার পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই কয়েকজনকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বনকর্মীর সহযোগিতায় বিএলসি অন্য ব্যক্তির নামে অবৈধভাবে ইস্যু বা হস্তান্তরের অভিযোগও উঠেছে। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে তা বন্ধ করতে হবে এবং তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের স্বার্থ সুরক্ষিত রাখতে হবে। সার্বিকভাবে পাস, পারমিট ও বিএলসি প্রদানের প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করতে হবে। পশ্চিমবঙ্গ মৎস্যজীবী ইউনিয়ন, দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি গোবিন্দ দাস ও সম্পাদক সুকান্ত সরকার বলেন, প্রকৃত মৎস্যজীবীদের বংশপরম্পরায় অধিকার সুরক্ষিত রাখতে বিএলসি মিউটেশন প্রক্রিয়া ফের চালু করার দাবি জানিয়েছি আমরা, যাতে কোনোভাবে তাঁদের বংশধরদের অধিকার থেকে বঞ্চিত করা না যায়। সংগঠনের মূল মঞ্চ টিউসিসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিওপ্রসাদ তিওয়ারি বলেন, বাঘ ও কুমিরের আক্রমণে মৎস্যজীবীদের মৃত্যু হলে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মাসিক ১০ হাজার টাকা ভাতা চালু করা, আহতদের চিকিৎসার খরচ ও ক্ষতিপূরণ দেওয়া এবং পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের অন্তত একজন সদস্যের জন্য স্থায়ী বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিও আমরা সরকারের কাছে রেখেছি। সামগ্রিকভাবে সমস্যাগুলির সমাধানে এবং সুষ্ঠু পরিবেশ তৈরিতে সমস্যা সমাধানের জন্য বন ও মৎস্য দপ্তরের সঙ্গে মৎস্যজীবী ইউনিয়নের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।



