Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কার্তিক মহারাজের বিরুদ্ধে তদন্তের দাবি, ঝাঁটা নিয়ে বিক্ষোভ মহিলাদের

পুলিসের নোটিস পেয়েও মঙ্গলবার নবগ্রাম থানায় এলেন না ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজ। এদিন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীর হাজিরার নোটিস ঘিরে সকাল থেকেই নবগ্রাম থানা চত্বরে তৎপরতা ছিল তুঙ্গে।

কার্তিক মহারাজের বিরুদ্ধে তদন্তের দাবি, ঝাঁটা নিয়ে বিক্ষোভ মহিলাদের
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: পুলিসের নোটিস পেয়েও মঙ্গলবার নবগ্রাম থানায় এলেন না ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজ। এদিন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীর হাজিরার নোটিস ঘিরে সকাল থেকেই নবগ্রাম থানা চত্বরে তৎপরতা ছিল তুঙ্গে। হাজিরার নির্দিষ্ট সময়ের আগেই নবগ্রাম থানায় পৌঁছে যান লালবাগ মহকুমা পুলিস আধিকারিক আকুলকর রাকেশ মহাদেব। লালবাগ মহকুমা পুলিস আধিকারিক, থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তদন্তকারী আধিকারিকরা অভিযুক্ত মহারাজের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও শেষ পর্যন্ত তাঁর দেখা পাওয়া যায়নি। এদিকে কার্তিক মহারাজের শাস্তির দাবিতে মহিলারা মিছিল বের করেন। মিছিলে পাঁচ শতাধিক বিভিন্ন বয়সের মহিলা যোগদান করেন। মহিলাদের হাতে ঝাঁটার পাশাপাশি প্ল্যাকার্ড লক্ষ্য করা যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ধর্ষক কার্তিক মহারাজের ফাঁসি চাই’। মিছিল থেকেও কার্তিক মহারাজের শাস্তির দাবি তোলেন মহিলারা। মহিলাদের মিছিল নবগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে বাস স্ট্যান্ডে পৌঁছয়। সেখান থেকে নবগ্রাম থানায় যায়। নবগ্রাম থানায় বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে ফিরে আসে। মিছিলে পা মিলিয়েছিলেন ষাটোর্ধ্ব কল্পনা ঘোষ। তিনি বলেন, একজন সন্ন্যাসীর এরকম ঘৃণ্য কাজ মেনে নেওয়া যায় না। সন্ন্যাসীর মুখোশের আড়ালে তিনি একজন ধর্ষক। তাঁর উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। প্রসঙ্গত উল্লেখ্য, নির্যাতিতা মহিলা জানিয়েছিলেন গর্ভপাত করতে ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত চানক আদিবাসী আবাসিক স্কুলের প্রধান শিক্ষিকা তাকে সাহায্য করেছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এদিন বেলা ২টা নাগাদ লালবাগ মহকুমা পুলিস আধিকারিক, ওসি সৌরভ সেন এবং মামলার তদন্তকারী অফিসার চানকে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ হয়ে পড়লে জিজ্ঞাসাবাদ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তড়িঘড়ি তাকে চানক আশ্রম হাসপাতালে ভর্তি করা হয়। মুর্শিদাবাদ পুলিস জেলার সুপার কুমার সানি রাজ বলেন, তদন্ত চলছে। এখনই কিছু বলা যাবে না। 

Advertisement

বহরমপুরের এক মহিলাকে নিজের স্কুলে চাকরি দেওয়ার টোপ দিয়ে ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান ওই মহারাজের বিরুদ্ধে। ২০১৩ সালের ওই ঘটনায় নির্যাতিতা মহিলা গত বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস ধর্ষণ, জোর করে গর্ভপাত, প্রতারণা এবং ভীতি প্রদর্শন ধারায় মামলা রুজু করে। এরপরেই তুমুল শোরগোল পড়ে যায়। সোমবার বেলডাঙা থানার আইসি সমিত মজুমদার হাজিরার নোটিস দিতে ভারত সেবাশ্রম সঙ্ঘে গিয়েছিলেন। কিন্তু মহারাজ উপস্থিত না থাকায় আশ্রমের সেক্রেটারিকে নোটিস দেন। নোটিসে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নবগ্রাম থানায় হাজিরার জন্য বলা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ