Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

পুষ্টিতে ঠাসা মুখরোচক

পনির কবে থেকে এবং কীভাবে ভারতে এল সে বিষয়ে দু’টি তত্ত্ব চালু রয়েছে। প্রথমটি বলে ষোড়শ শতাব্দীতে আফগানিস্তান ও পারস্য থেকে পনির আমাদের দেশে আমদানি হয়েছিল।

পুষ্টিতে ঠাসা মুখরোচক
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চলছে বিভাগ ‘স্বাদ বাহার’। কোথায় কেমন খাবার সেরা? থাকছে তারই খোঁজ। এবারের বিষয় পনির।

Advertisement

 

পনির কবে থেকে এবং কীভাবে ভারতে এল সে বিষয়ে দু’টি তত্ত্ব চালু রয়েছে। প্রথমটি বলে ষোড়শ শতাব্দীতে আফগানিস্তান ও পারস্য থেকে পনির আমাদের দেশে আমদানি হয়েছিল। অন্যটি অনুযায়ী সপ্তদশ শতাব্দীতে পর্তুগিজদের হাত ধরে উপকরণটি ভারতে আসে। তার আগে ভারতে দুধ কাটানো হতো না। গরুকে পবিত্র বলে মনে করা হতো বলেই, তা থেকে প্রাপ্ত দুধ পুজোর সামগ্রী হিসেবে ধরা হতো। অতএব তার সঙ্গে টক জাতীয় কিছু মিশিয়ে তা কাটিয়ে ছানা বা পনির বানানোর চল আমাদের ছিল না। কিন্তু বিদেশিদের হাত ধরে আমাদের দেশে আসার পর থেকেই ক্রমশ পনির জনপ্রিয় হয়ে উঠতে লাগল। পর্তুগিজরা ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করে দুধ কাটিয়ে পনির বানাতেন। বাঙালি গৃহিণীরা লেবুর রস ব্যবহার করে ছানা কাটাতে শুরু করলেন। ছানার সঙ্গে পর্তুগিজ পনিরের পার্থক্য হল ছানায় জলের পরিমাণ বা ময়েশ্চার বেশি থাকে। পনিরে তা থাকে না। চলুন জেনে নিই, এমন পদের সন্ধান শহরে কোথায় কেমন।

কটেজ চিজ কর্ন স্টেক

উপকরণ: কটেজ চিজ বা পনির ১৫০ গ্রাম, সেদ্ধ করে মাখা আলু ৩০ গ্রাম, সেদ্ধ করা সুইট কর্ন ৩০ গ্রাম, নুন ও মরিচ গুঁড়ো স্বাদ মতো, বার বি কিউ স্যস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ চামচ, বেলপেপার, ব্রকোলি, গাজর, বিনস, বেবি কর্ন, জুকিনি সব সব্জি ভাপিয়ে ভাজা ১ কাপ, সাদা তেল বা মাখন প্রয়োজন মতো, ফ্রেঞ্চ ফ্রাইস পরিবেশন করার জন্য।

প্রণালী: পনির গ্রেট করে মেখে নিন। একটা বাটিতে পনির, আলু, সুইট কর্ন, নুন, মরিচ গুঁড়ো, বার বি কিউ স্যস, কর্নফ্লাওয়ার নিয়ে মেখে নিন। স্টেক বানানোর জন্য একটা প্যানে মাখন বা সাদা তেল গলিয়ে নিন। এরপর কটেজ চিজের মাখা মিশ্রণ থেকে অল্প করে নিয়ে স্টেকের আকারে গড়ে নিন। তারপর তা প্যানে দিয়ে চেপে চেপে সেঁকে নিন। বার বি কিউ স্যস ব্রাশ করে দিন। পরিবেশন করার জন্য স্টেকের সঙ্গে সব্জি ও ফ্রেঞ্চ ফ্রাই সাজান। উপর থেকে অল্প বার বি কিউ স্যস ছড়িয়ে পরিবেশন করুন।

ড্রাই চিলি পনির

উপকরণ: পনির ২০০ গ্রাম, লাল ও হলুদ ক্যাপসিকাম টুকরো করে কাটা ১ কাপ, পেঁয়াজ ১টা মাঝারি সাইজের, পেঁয়াজ শাক ২ টেবিল চামচ। স্যস বানানোর জন্য: রসুন কুচি ১ টেবিল চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা কুচি ১-২টা, ডার্ক সয়া স্যস ১ টেবিল চামচ, রেড চিলি পেস্ট 
১ চা চামচ, টম্যাটো কেচাপ ২ টেবিল চামচ, ভিনিগার ১ চা চামচ, নুন ও চিনি স্বাদ মতো। অন্যান্য উপকরণ: কর্নফ্লাওয়ার 
২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ।

প্রণালী: প্যানে তেল গরম করে আদা রসুন, কাঁচালঙ্কা ভেজে নিন। তাতে পেঁয়াজ, বেলপেপার ভাজুন। অন্য একটা পাত্রে স্যসের উপকরণ নিয়ে ফুটিয়ে নিন। পনির কর্নফ্লাওয়ারে কোট করে ভেজে নিন। তারপর তাতে ভাজা পেঁয়াজ ও অন্যান্য উপকরণ মিশিয়ে দিন। আন্দাজ মতো নুন ও চিনি দিন। সবটা স্যসে ফেলে নেড়ে নিন। গরম পরিবেশন করুন।  

 বিজার এশিয়া
এখানে কটেজ চিজ চিলি ডাম্পলিং, ড্রাগন চিলি কটেজ চিজ কর্ন স্পিনাচ কটেজ চিজ, গ্রিলড টেরিয়াকি কটেজ চিজ বিশেষ জনপ্রিয়।

 ফ্যান্টাস্টিক ফুড স্টোরি
এখানে পাবেন কটেজ চিজ কুলচা, পনির মাখনওয়ালা, কড়াই পনির,পনির টিক্কা মশলা, অমৃতসরি পনির টিক্কা সহ বিভিন্ন সুস্বাদু পদ।

 হাকা
এখানে খাবারের ধরন চাইনিজ। পনিরের জনপ্রিয় পদের মধ্যে রয়েছে কটেজ চিজ হুনান স্টা‌ইল, কটেজ চিজ অ্যান্ড গোল্ডেন কর্ন ইন চয়েস অব স্যস, হাকা চিলি কটেজ চিজ।

 পেপার টাউন
এই রেস্তরাঁয় রয়েছে পালক কটেজ চিজ, প্যান ফ্রায়েড পনির, শাহী পনির, পনির কড়াই, কটেজ চিজ স্টেক, পনির বাটার মশলা, দম কা পনির, পোস্ত ম্যারিনেটেড পনির টিক্কা, চিলি পনির সহ বিভিন্ন পদ।

 উনো পিজারিয়া অ্যান্ড গ্রিল
এখানকার ফাজিতা কটেজ চিজ কোয়াসাডিলা, ফায়ারি কটেজ চিজ কোয়াসাডিলা, হাবানেরো কটেজ চিজ ইত্যাদি খুবই ভিন্ন স্বাদের ও জনপ্রিয়।

 ক্যারাভান কাফে
এখানে পাবেন কটেজ চিজ পানিনি, কটেজ চিজ স্টেক, পনির টিক্কা পিৎজা, পনির পিৎজা, কটেজ চিজ বলস ইত্যাদি।

 ড্রিফটার কাফে 
এখানকার মেনুতে পাবেন কটেজ চিজ কর্ন স্টেক, চিলি কটেজ চিজ, কটেজ চিজ স্যান্ডউইচ, কটেজ চিজ পিৎজা সহ আরও বিভিন্ন পদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ