নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছটের ভিড় সামলানোর অভিজ্ঞতা কাজে লাগিয়েই কুম্ভের যাত্রী ভিড় ‘ম্যানেজ’ করতে গিয়েছিল রেলমন্ত্রক। অবশেষে আনুষ্ঠানিকভাবেই একথা মেনে নিল রেলমন্ত্রক। সোমবার রাজ্যসভায় জবাবি ভাষণে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ২০২৪ সালে হোলির সময় সবমিলিয়ে ৬০৪টি স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। তাতে প্রায় সাড়ে আট লক্ষ রেল যাত্রী পরিবহণ করা হয়েছিল। এরপর গ্রীষ্মাবকাশেও প্রায় ১২ হাজার স্পেশাল ট্রেন চালানো হয়। প্রায় এক থেকে দেড় কোটি যাত্রী সফর করেন। অবশেষে আসে ছট। এইসব সময়ে আমরা বিভিন্ন স্টেশনে ‘হোল্ডিং জোন’ তৈরি করেছি। সেখানে রেল যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে। এইসব থেকেই যা শিক্ষা আমাদের হয়েছিল, তা মাথায় রেখেই কুম্ভের বন্দোবস্ত হয়েছিল। রেলমন্ত্রীর এদিনের এই মন্তব্যে কার্যত ‘বর্তমান’এর খবরেই সিলমোহর পড়ল। গত ১৫ ফেব্রুয়ারি রাতে নিউদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় ১৮ জনের মৃত্যুর পর ‘বর্তমান’ই প্রথম প্রকাশ্যে এনেছিল যে, ছটের অভিজ্ঞতায় কুম্ভের মাত্রাছাড়া ভিড় সামাল দিতে গিয়েই বিপর্যয় ঘটিয়েছে রেলমন্ত্রক। সোমবার রেলমন্ত্রীর মন্তব্যে সেই তত্ত্বই একপ্রকার প্রতিষ্ঠিত হয়ে গেল।



