Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আচমকা বাতিল দিল্লি-কলকাতা রুটের উড়ান, রাতে বিশেষ বিমানের ব্যবস্থা

আমেদাবাদে বিমান দুর্ঘটনার ক্ষত এখনও তাজা। আতঙ্ক তাড়া করে চলেছে গোটা দেশকে।

আচমকা বাতিল দিল্লি-কলকাতা রুটের উড়ান, রাতে বিশেষ বিমানের ব্যবস্থা
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমেদাবাদে বিমান দুর্ঘটনার ক্ষত এখনও তাজা। আতঙ্ক তাড়া করে চলেছে গোটা দেশকে। তার মধ্যেই দিল্লি থেকে কলকাতায় ফেরার সময় বিমান বিভ্রাটের শিকার হতে হল যাত্রীদের। শেষে বিক্ষোভের মুখে পড়ে গভীর রাতে যাত্রীদের একাংশকে কলকাতায় ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়। 

Advertisement

জানা গিয়েছে, শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে স্পাইসজেটের দিল্লি-কলকাতা উড়ান ছিল। সেই মতো নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছে যান যাত্রীরা। কিন্তু বিমান ছাড়ার কিছুক্ষণ আগে আচমকাই সংস্থার তরফে জানানো হয়, ‘অপারেশনাল’ কারণের জন্য উড়ানটি বাতিল করা হয়েছে। পরে বিমান বাতিলের মেসেজ পান যাত্রীরা। উপস্থিত গ্রাউন্ড স্টাফরা যাত্রীদের জানান, পরবর্তী বিমান ৪৮ ঘণ্টা পর রওনা হবে। তবে সেখানেও সব যাত্রীদের সুযোগ হবে কি না, তা নিশ্চিত নয়। যদি কেউ ভাড়া ফেরত চান, তা মিলবে দিনসাতেক পর। একথা শুনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে বোর্ডিং গেটের সামনেই ধর্ণাতেও বসে পড়েন অনেকে। ঘটনাস্থলে হাজির হন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। ক্ষুব্ধ যাত্রীরা জানান, আমেদাবাদের ঘটনার পর দেশের বিমান পরিষেবায় আরও নজর দেওয়া হবে বলে আশা করেছিলাম। কিন্তু এভাবে শেষ মুহূর্তে বিমান বাতিল করা হলেও সংস্থার কোনও আধিকারিকের দেখা মেলেনি। গ্রাউন্ড স্টাফরাই আমাদের উড়ান বাতিলের বিষয়টি জানান। বিমান সংস্থার পাশাপাশি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বা বিমানবন্দর কর্তৃপক্ষের কোনও প্রতিনিধিও এখানে উপস্থিত ছিলেন না।
 পরে অবশ্য সংস্থার তরফে যাত্রীদের একাংশকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, রাত একটা নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেয় বিমানটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ