নয়াদিল্লি: আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্টে বড়ো ধাক্কা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের। ঘটনায় আরজেডি প্রধানের বিরুদ্ধে ফৌজদারি চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক। হোটেল দুর্নীতিতে লালুর পাশাপাশি নাম জড়িয়েছে স্ত্রী রাবড়ি দেবী ও ছেলে তেজস্বী যাদবের। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। তবে শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার সেই আরজি খারিজ করে দেন বিচারপতি স্বর্ণকান্ত শর্মা। একইসঙ্গে নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখেন তিনি। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ যাদব। সেই সময়ে দু’টি আইআরসিটিসি হোটেল লিজ দেওয়ার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। একটি হোটেল দেওয়া হয়েছিল লালু ঘনিষ্ঠ সাংসদ প্রেম গুপ্তার স্ত্রী সরলা গুপ্তাকে। সিবিআইয়ের দাবি, লালুর পরিবারের সঙ্গে যুক্ত কোম্পানিকে অবৈধভাবে প্রায় ৩ একর জমি হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে হোটেল দুর্নীতির যোগ রয়েছে বলে অভিযোগ। ২০২৫ সালের ১৩ অক্টোবর দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগে ফৌজদারি চার্জ গঠনের নির্দেশ দেয় নিম্ন আদালত। এরপরেই স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন লালু ও তাঁর পরিবার। আদালতের নির্দেশের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। আবেদনকারীদের হয়ে আদালতে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল। তিনি জানান, সরকারি নীতি মেনেই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাই দুর্নীতি দমন আইনের অধীনে মামলা করা যায় না।



