পরিকাঠামো নির্মাণে দেরি, কোষাগারে তিন লক্ষ কোটি বাড়তি খরচের বোঝা, প্রবল অস্বস্তিতে মোদি সরকার
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিভিন্ন কারণে থমকে গিয়েছে পরিকাঠামো সংক্রান্ত নানা প্রকল্প। এর জেরে খরচের বহর বাড়ছে। আর তা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের। তথ্য অনুযায়ী, বিভিন্ন পরিকাঠামো সংক্রান্ত কাজে বারবার বিলম্ব হচ্ছে। এর মধ্যে রয়েছে জাতীয় সড়ক, খাল নির্মাণ সহ একাধিক কাজ। এই বিলম্বের জেরে রাজকোষের বাড়তি ৩ লক্ষ কোটি টাকা খরচের বোঝা যোগ হয়েছে বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যমের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, ৭৫ শতাংশ প্রকল্পের ক্ষেত্রে নির্মাণকাজ শুরুই হয়নি। এর মধ্যে ৩৫ শতাংশ প্রকল্প জমি অধিগ্রহণে বিলম্বের কারণে বাস্তবের মুখ দেখেনি। পরিস্থিতি সামলাতে প্রতিটি রাজ্যকে জমি অধিগ্রহণ সংক্রান্ত ‘সিঙ্গল উইন্ডো’ ওয়েব পোর্টালের চালুর পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ মহল। ভারত মূলত কৃষি নির্ভর দেশ। হিসাব অনুযায়ী, কোভিড পর্বে ১ কোটির বেশি পরিযায়ী শ্রমিক গ্রামে ফিরেছেন। বর্তমানে জমিতে চাষ করেই পেট চালাচ্ছেন তাঁরা। এহেন পরিস্থিতিতে জমি অধিগ্রহণে অনেকটাই সময় লাগছে। সরকারি প্ল্যাটফর্ম ‘প্রগতি’-র তথ্য জানাচ্ছে, জমি খালি করতে কমপক্ষে দুই থেকে চার বছর সময় নিচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। এই সরকারি প্ল্যাটফর্মে ৩ হাজারের বেশি পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের তথ্য রয়েছে। সব মিলিয়ে খরচ প্রায় ৮৫ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ৩৫ শতাংশ প্রকল্প জমি অধিগ্রহণের সমস্যার জন্য আটকে রয়েছে। সম্প্রতি গুজরাতে কৃষি জমিতে বিদ্যুতের পোল বসাতে গিয়ে চাষিদের বিক্ষোভের মুখে পড়ে বিজেপি সরকার। জানা গিয়েছে, সরকারি ক্ষতিপূরণ নিয়ে ক্ষোভ উগরে দেন কৃষকরা। অন্যদিকে, পরিবেশের ক্ষতির আশঙ্কায় গামীণ প্রয়াগরাজে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করেন স্থানীয়রা। ‘প্রগতি’র তথ্য জানাচ্ছে, জাতীয় সড়কের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে শীর্ষে রয়েছে হরিয়ানা। অনেকটাই পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত।

Advertisement