Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ ফের গভীর নিম্নচাপ, রাজ্যের পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির শঙ্কা

পশ্চিমবঙ্গ উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে আজ সোমবার ফের একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। রবিবারই পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

আজ ফের গভীর নিম্নচাপ, রাজ্যের পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির শঙ্কা
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  পশ্চিমবঙ্গ উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে আজ সোমবার ফের একটি গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। রবিবারই পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে আজ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও মাত্রাতিরিক্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী  বৃষ্টির ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, দুই বর্ধমান ও পুরুলিয়া জেলায়। কলকাতাসহ কয়েকটি জেলায়ও ভারী বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর এদিন সন্ধ্যায় জানিয়েছে, রাত থেকে সোমবার সকালের মধ্যে কলকাতায় বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টার মধ্যে মোট বৃষ্টিপাতের পরিমাণ ৭০-১১০ মিমি হওয়ার ফলে রাস্তাঘাটে জল জমার ব্যাপারে সতর্ক করা হয়েছে। মঙ্গলবারও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। রাজ্যের মৎস্যজীবীদের ১৯ আগস্ট পর্যন্ত সমুদ্রে না-থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement

কয়েকদিন আগের গভীর নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে সৃষ্টি হয়েছিল। সেটি ১৩ আগস্ট দুপুর নাগাদ দক্ষিণ ২৪ পরগনা উপকূল দিয়ে স্থলভূমিতে প্রবেশ করার পর দ্রুত দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যায়। ওই নিম্নচাপটি এখনো দুর্বল হয়ে ঝাড়খণ্ডের উপরে আছে। এবারের নিম্নচাপটির অবস্থান কিছুটা আলাদা হলেও দক্ষিণবঙ্গের উপর প্রভাব ফেলবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। বেশি মাত্রায় বৃষ্টি হবে ওড়িশাতেও। এর আগের নিম্নচাপটির জেরে বেশি বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কিছু অংশে জলমগ্ন ও স্থানীয় স্তরের বন্যা দেখা দিয়েছে। ওইসব এলাকায় ফের বেশি বৃষ্টি হলে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগস্ট মাসে পর পর আরও দুটি  নিম্নচাপ তৈরি হবে বলে কয়েকদিন আগে জানিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কিন্তু যে সম্ভাব্য সময় বলা হয়েছিল তার কয়েকদিন আগেই ফের একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়ে গেল এই এলাকায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ