Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকরেটার কর্মীর মৃত্যু বউবাজারে

বউবাজারে প্যান্ডেল বাঁধতে গিয়ে আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ডেকরেটার কর্মীর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকরেটার কর্মীর মৃত্যু বউবাজারে
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজারে প্যান্ডেল বাঁধতে গিয়ে আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ডেকরেটার কর্মীর। মৃতের নাম শুভেন্দু মণ্ডল। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে। মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মুচিপাড়া থানার প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে বলেছেন, বেলা পৌঁনে ৩টে নাগাদ ৯৮, নম্বর প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে প্যান্ডেল বাঁধার সময় দুর্ঘটনাটি ঘটে। একটি বহুতলের ছাদে প্যান্ডেল বাঁধার কাজ করছিলেন বছর পঁচিশের শুভেন্দু। অসাবধানবশত, তাঁর বাঁ হাতের তর্জনী বিদ্যুৎবাহী তারে লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পাশের বাড়ির টিনের ছাদে ছিটকে পড়েন। ভারী কিছু পড়ার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। শুভেন্দুর বাবা ও ভাই সেখানেই প্যান্ডেল বাঁধার কাজ করছিলেন। তাঁরা ও অন্য সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শুভেন্দুকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে কোনো অসঙ্গতি মেলেনি বলেই পুলিশের দাবি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে মুচিপাড়া থানার পুলিশ। মঙ্গলবার রাত পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। আদতে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাসিন্দা হলেও শুভেন্দু এবং তাঁর বাবা-ভাই বউবাজার এলাকার হিদারাম ব্যানার্জি লেনের এক ডেকরেটার সংস্থায় কাজ করতেন বলে পুলিশ জানতে পেরেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ