Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জল নিষ্কাশনে বাধা, বারাকপুরে ড্রেনের উপর থেকে দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত

বৃষ্টি হলেই জল জমার সমস্যা বড় হয়ে দাঁড়িয়েছে বারাকপুর শিল্পাঞ্চলের। বারাকপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জল দাঁড়িয়ে যাচ্ছে। পুরসভার মতে, কল্যাণী এক্সপ্রেসওয়ে উঁচু হয়ে যাওয়ায় বারাকপুর শহরের জল বেরতে সমস্যা দেখা দিয়েছে।

জল নিষ্কাশনে বাধা, বারাকপুরে ড্রেনের উপর থেকে দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বৃষ্টি হলেই জল জমার সমস্যা বড় হয়ে দাঁড়িয়েছে বারাকপুর শিল্পাঞ্চলের। বারাকপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জল দাঁড়িয়ে যাচ্ছে। পুরসভার মতে, কল্যাণী এক্সপ্রেসওয়ে উঁচু হয়ে যাওয়ায় বারাকপুর শহরের জল বেরতে সমস্যা দেখা দিয়েছে। তাই বারাকপুর বারাসত রোডের দু’ধারে নর্দমার উপর বসে থাকা সমস্ত দখলদার উচ্ছেদে নামল পুরসভা। দখলদারদের সরে যাওয়ার জন্য শুক্রবার পুরসভার পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয়েছে। নিজে থেকে সরে না গেলে জেসিবি দিয়ে সমস্ত দখলদার উচ্ছেদ করার পরিকল্পনা করা হয়েছে। 

Advertisement

এছাড়াও, দীর্ঘদিন ধরে ড্রেনগুলি পরিষ্কার না হওয়ায় জল ধারণ ক্ষমতা কমে গিয়ে রাস্তা ভাসছে। কাদা মাটি জমে ড্রেনগুলির অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। তাই বারাকপুরের মহকুমা শাসকের নেতৃত্বাধীন হাই পাওয়ার কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ড্রেনগুলি আগে পরিষ্কার করা হবে। সেইমতো বারাকপুর পুরসভা সমস্ত ড্রেনের দখলদার তুলে দিয়ে পরিষ্কার শুরু করছে। সেইসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওয়্যারলেস মোড় থেকে নীলগঞ্জ খাল পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ নিকাশি নালা করবে কেএমডিএ। সেই সঙ্গে গোটা এলাকার একটি মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। তবে বর্ষার আগে ওই নিকাশি নালা তৈরি করা হবে না। তাই বর্তমান যে ড্রেন রয়েছে, তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হল।
বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, কল্যাণী এক্সপ্রেসওয়ে সাড়ে তিন ফুট উঁচু হওয়ায় জল বের হওয়ার ক্ষেত্রে বড় সমস্যা দেখা দিয়েছে। রাজ্য সরকার এর জন্য একটা হাই পাওয়ার কমিটি গড়েছে। জল নিষ্কাশনের সমস্যা সমাধানের জন্য উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে ঠিক হয়েছে, গোটা এলাকার জন্য মাস্টার প্ল্যান তৈরি করা হবে। সেই প্ল্যান তৈরির কাজ চলছে। আশু সমাধান হিসেবে বর্তমানে যে ড্রেন রয়েছে, তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক জায়গায় দখলদার রয়েছে। সেখান থেকে সরে যাওয়ার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে, না হলে ভেঙে দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ