নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১ সালে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের দিনই খুন হয়েছিলেন বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নির্বাচনে তৎকালীন শাসক দল তৃণমূলের বিপুল জয় নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নারকেলডাঙা থানা এলাকার বাসিন্দা অভিজিৎকে খুনের ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। এতদিনে সেই মামলায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক পরেশ পাল, দুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলার স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ এবং অন্যান্য অভিযুক্তকে আদালতে শনাক্ত করলেন নিহত বিজেপি কর্মীর মা। মঙ্গলবার কলকাতার নগর দায়রার বিশেষ আদালতের (বিচারভবন) বিচারক সন্তোষকুমার পাঠকের এজলাসে অভিযুক্তদের শনাক্ত করেন অভিজিতের মা মাধবী সরকার। মূল মামলার শুনানিপর্ব চলাকালীন জামিনে থাকা পরেশ পাল, স্বপন সমাদ্দারদের দিকে অঙ্গুলিনির্দেশ করে একে একে চিনিয়ে দেন মাধবীদেবী। আদালতে তিনি বলেন, ‘এঁদের ষড়যন্ত্র ও উসকানিতেই আমার ছেলেটাকে খুন করে ফেলা হল। আমি আমার ছেলেকে হত্যার বিচার চাই।’ বৃদ্ধা তাঁর সাক্ষ্যে এই হত্যা মামলা নিয়ে আরও বেশ কিছু বক্তব্য আদালতে পেশ করেন। এক ঘন্টার বেশি সময় ধরে চলে এদিনের বিচারপর্ব। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৩০ নভেম্বর। ওই দিন ফের অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। শুনানি শেষে এজলাস ছেড়ে বেড়িয়ে যাওয়ার মুখে সাংবাদিকদের প্রশ্নে নিরুত্তর ছিলেন প্রাক্তন বিধায়ক। থমথমে মুখে তড়িঘড়ি গাড়িতে চেপে কোর্ট চত্বর ছাড়েন তিনি।
এদিন নির্দিষ্ট সময়ে অ্যাম্বুলেন্সে করে আদালতে আসেন মাধবীদেবী। সঙ্গে ছিলেন একজন নার্স। অ্যাম্বুলেন্সে ছিল চিকিৎসার নানা সরঞ্জাম। তাঁকে ধরে ধরে লিফটে তুলে এজলাসে নিয়ে যাওয়া হয়। সেখানে হাজির ছিলেন সিবিআই অফিসাররা ও তাঁদের তরফে সরকারি কৌঁসুলি। অভিযুক্তদের পক্ষেও ছিলেন একাধিক আইনজীবী। জেল ও জামিনে থাকা মোট ৩৮জন অভিযুক্ত কোর্টে হাজির ছিলেন। আদালত সূত্রে খবর, অসুস্থতার কারণে এর আগে মাধবীদেবী নারকেলডাঙার বাড়িতে বসে ভিডিয়ো কনফারেন্সে সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় বিভিন্ন সময় ‘হুলিয়া’ জারি থাকা কয়েকজন ফেরার অভিযুক্ত বিচারের মাঝপথে ধরা পড়ে। তাছাড়া নানা আইনি কারণে শুনানি পিছিয়ে যায় বেশ কয়েকবার। পরবর্তী সময়ে ধরা পড়া অভিযুক্তদের বিরুদ্ধে যথারীতি খুনের চার্জ গঠন করা হয়। যদিও তাঁরা আদালতে দাবি করেন যে তাঁরা নির্দোষ।
এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে নিহত যুবকের দাদা বিশ্বজিৎ সরকার বলেন, ‘ভাইয়ের মৃত্যুর ন্যায় বিচারের স্বার্থে শেষদিন পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব। আদালতের প্রতি আমাদের আস্থা ও ভরসা আছে।’ ২০২১ সালেই কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় সিবিআই। মামলা শিয়ালদহ কোর্ট থেকে স্থানান্তরিত হয়ে আসে কলকাতা বিচারভবনের বিশেষ আদালতে। ফেরার অভিযুক্তদের পাকড়াও করতে সিবিআইয়ের অপরাধদমন শাখা মাথা পিছু ৫০ হাজার টাকা করে পুরষ্কারও ঘোষণা করেছিল। পরবর্তী সময়ে একে একে তারা পুলিশের জালে ধরা পড়ে।



