সংবাদদাতা, বহরমপুর: বহরমপুর শহরে রেলের ওভারব্রিজে উঠার মুখে রাস্তা কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। পিচ পাথর উঠে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। ব্যস্ততম রাস্তায় বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। সেজন্য পাঁচ রাস্তার সংযোগস্থলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এর ফলে হামেশাই যানজট হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই রাস্তা সংস্কারের দাবিতে সোচ্চার হয়েছেন। বিপজ্জনক এই অবস্থার জন্য অনেকে রেল কর্তৃপক্ষ ও পুরসভার দিকে আঙুল তুলতে শুরু করেছেন। বিশেষ করে টোটো চালকরা ক্ষোভে ফুঁসছেন।
বহরমপুর কোর্ট স্টেশন রোডের পুরনো বিবেকানন্দ স্ট্যাচু মোড় থেকেই রেলের ওভারব্রিজ শুরু হয়েছে। একইসঙ্গে একটি রাস্তা এসেছে বহরমপুর কোর্ট স্টেশন থেকে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপর একটি রাস্তা এসে মিলেছে। পাশাপাশি রেলের আন্ডারপাস শুরু হচ্ছে এই মোড় থেকেই। রয়েছে রাজ্য মৎস্য দপ্তরের গেস্ট হাউস ও অনুষ্ঠান বাড়ি। মেডিকেল কলেজ এবং স্টেশন থাকায় রাস্তার উপর প্রচণ্ড চাপ থাকে সকাল থেকে রাত পর্যন্ত। বহরমপুর শহরে ঢোকার অন্যতম করিডোর রেলের এই ওভারব্রিজ। আর এই গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তা মরণফাঁদে পরিণত রয়েছে। স্টেশনে ট্রেন ঢুকলে রাস্তার উপর চাপ আরও বাড়ে। তখন যানজট সামাল দিতে সিভিক ভলান্টিয়ারও সমস্যায় পডেন। বিপজ্জনক ওই জায়গাটি সংস্কারের দাবিতে সরব হয়েছে এলাকার মানুষ।
ভাকুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত নির্দল সদস্য যুগল হালদার বলেন, রাস্তা খারাপের জন্য যেকোনও সময় বড় বিপদ ঘটতে পারে। ছোটখাট দুর্ঘটনা লেগেই রয়েছে। অবিলম্বে সংস্কার করা দরকার। বিবেকানন্দ পল্লির বাসিন্দা অতীশ আচার্য বলেন, বিপদের ঝুঁকি নিয়েই বিবেকানন্দ স্ট্যাচু মোড় পারাপার করতে হয়। এক জায়গায় পাঁচটি রাস্তার সংযোগস্থল। সেই হিসেবে পুরকর্তৃপক্ষের গুরুত্ব দেওয়া উচিত। ক্ষোভ রয়েছে টোটো চালকদের। তাঁদের দাবি, ওভার ব্রিজে ওঠার মুখ এবং আন্ডারপাসে নামার মুখ বিপজ্জনক হওয়ায় সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় আমাদের। বহরমপুর পুরসভার এক কর্তা জানালেন, দ্রুত ওই অংশটি সংস্কার করা হবে। নিজস্ব চিত্র