গুয়াহাটি: কাজিরাঙায় ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৬। এছাড়া, আরও ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১২ জনকে আইসিইউতে রাখা হয়েছে। এরমধ্যে কী কারণে মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হল তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর মতে, মিনিবাসের চালকের স্ট্রোক বা তেমন কোনো গুরুতর শারীরিক সমস্যা হতে পারে। সেই কারণেই তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার জন্যই কন্টেইনার ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এদিন ঘটনার সম্ভাব্য কারণ ব্যাখ্যা করতে গিয়ে গাড়িটির ড্যাশ ক্যামেরার ফুটেজের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎই মিনিবাসটি নিয়ন্ত্রণ হারায়। দিকভ্রষ্ট হয়ে ট্রাকের দিকে চলে যায়। তদন্তকারীরা মূলত দু’টি দিক খতিয়ে দেখছেন। প্রথমত, মিনিবাসের চালক কি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন? না কি চালকের স্ট্রোক হয়েছিল? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য বিস্তারিতভাবে চালকের দেহের ময়নাতদন্ত করতে বলা হয়েছে। এদিন মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, অসম সরকারের তরফে ৭ লক্ষ ও কেন্দ্রের তরফে ২ লক্ষ টাকা দেওয়া হবে।



