• এবার খুনের হুমকি দেওয়া হল অভিনেতা টাইগার শ্রফকে। গত সোমবার মুম্বইয়ের খার থানার কন্ট্রোল রুমে ফোন করেন মণীশ কুমার সুজিন্দর নামক এক ব্যক্তি। তিনি পাঞ্জাবের বাসিন্দা। ফোনে পুলিসকে মণীশ জানান, টাইগারকে খুনের সুপারি দেওয়া হয়েছে। এর জন্য এক দুষ্কৃতীকে দু’লক্ষ টাকা ও অস্ত্র দেওয়া হয়েছে। এই খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় বলি পাড়ায়। তদন্ত শুরু করে পুলিস। দেখা যায়, এমন কোনও সুপারি দেওয়ার ঘটনা ঘটেনি। তদন্তকারীরা বোঝেন, ভুয়ো তথ্য দিয়েছেন মণীশ। এরপরই পাঞ্জাব পুলিসের সাহায্যে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে অভিযুক্তকে মুম্বইয়ে আনা হয়েছে। তাঁকে জেরা করা হচ্ছে বলে খবর। উল্লেখ্য, বলি পাড়ার বেশ কয়েকজন অভিনেতাকে এর আগে খুনের হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। গত সপ্তাহে সলমন খানের গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল গুজরাতের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। সদ্য জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অভিনব শুক্লকে হুমকি দিয়েছিল লরেন্স গোষ্ঠী।



