Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ি সংশোধনাগারে বন্দির মৃত্যু: শোকজ ২ কর্মী

শিলিগুড়ি সংশোধনাগারে বন্দির মৃত্যু: শোকজ ২ কর্মী
  • ১৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যু নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযোগ, জেল কর্তৃপক্ষের নজরদারির অভাবেই ওই বন্দির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই অবস্থায় ওই ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার তারা দুই জেল কর্মীকে শোকজ করেছে। তারা ওই কর্মীদেরকে সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। একইসঙ্গে ওই ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। বৃহস্পতিবার শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের শৌচাগার থেকে বিচারাধীন বন্দি শ্রীকৃষ্ণ মহন্তর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। শহরের দুর্গাদাস কলোনিতে মৃতের বাড়ি। তিন মাস আগে মা’কে খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিস। আদালতের নির্দেশে সে জেলে ছিল। জেল সূত্রে খবর, নাইলনের দঁড়ি দিয়ে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে তার মৃতদেহ ঝোলানো ছিল। সে সেই দড়ি পেল কোথায়? মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে জেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। জেল সূত্রে খবর, সেই নাইলনের দঁড়ি আসলে বাজারের ব্যাগের হাতল। সেটা ওই বন্দি কোথা থেকে, কীভাবে জোগাড় করেছে, তা জানার চেষ্টা চলছে। ওই দিন জেলের নিরাপত্তার দায়িত্বে থাকা হেড ওয়াডেন ও ওয়াডেনকে শোকজ করা হয়েছে। তাঁদের জবাব পাওয়ার পর তা প্রশাসনের কাছে জানানো হবে। প্রশাসনের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ