নিজস্ব প্রতিনিধি, বারাসত: তামিলনাড়ুতে নির্মীয়মাণ মন্দির থেকে পড়ে মৃত্যু হল বাঙালি শ্রমিকের। মৃতের নাম অভিজিৎ পোদ্দার (৩৪)। তাঁর বাড়ি মধ্যমগ্রামের পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের নেতাজি পল্লিতে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্মাণ কাজে অভিজিৎ ওড়িশায় যান। বাংলায় কথা বলার জন্য ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের খবরে তিনি বাড়ি ফিরে আসেন। কিন্তু দিন ২০ আগে কেরলের একটি সংস্থার মাধ্যমে তামিলনাড়ুর তুতিকোরিন জেলায় একটি মন্দির নির্মাণের কাজে যান অভিজিৎ। বৃহস্পতিবার বিকেলে নির্মীয়মাণ মন্দিরের তিনতলায় কাজ করার সময় আচমকা তিনি নীচে পড়ে যান। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাবা মোহিত পোদ্দার বলেন, একমাসও হয়নি ছেলে কাজে গিয়েছে। সেখানে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। ছেলের এক বছরের একটি সন্তান আছে। সংসার কীভাবে চলবে ভেবে পাচ্ছি না। ময়নাতদন্তের পর দেহ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করছে কেরলের ওই সংস্থা।



