নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিপুল পরিমাণ অস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে বেলডাঙা থানার পুলিসের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত আর্মস ডিলার। পুলিস জানিয়েছে ধৃতের নাম, নওশাদ মণ্ডল। তার বাড়ি ডোমকল থানার গৌরীপুর এলাকায়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার গভীর রাতে সে ডোমকল থেকে বেলডাঙায় এসেছিল অস্ত্রশস্ত্র ডেলিভারি করতে। তবে হাত বদলের আগেই তাকে ধরে ফেলে পুলিস। ওই অস্ত্র কারবারির থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।
পুলিস জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙা থানার কালীতলা ফতেনগর রোডে অভিযান চালিয়ে তাকে ধরা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট আটটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি। তারপরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিস। ধৃত ব্যক্তিকে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা আদালতে পেশ করা হলে বিচারক সাত দিনের পুলিস হেফাজত মঞ্জুর করেন।
মুর্শিদাবাদের পুলিস সুপার কুমার সানি রাজ বলেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত ওই দুষ্কৃতীকে ধরা হয়েছে। ধৃতের কাছ থেকে ছ’টি ওয়ান শটার এবং দু’টি মাস্কেট গান উদ্ধার হয়েছে। কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র এনে সে কোথায় পাচার করত এবং এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তা জানতে তদন্ত চলছে। জেলার সমস্ত থানা এলাকায় আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি উদ্ধারে জোর দেওয়া হয়েছে। কোনও দুষ্কৃতী রেহাই পাবে না। বেলডাঙা থানার আইসি শমিত তালুকদার বলেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যা তথ্য পাওয়া গিয়েছে, সেগুলি আমরা খতিয়ে দেখছি।
পুলিস সূত্রে জানা গিয়েছে, নওশাদ মাস তিনেক আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। সে মাদক মামলায়ও অভিযুক্ত। মাদক মামলা থেকে ছাড়া পেতেই সে অস্ত্র কারবার শুরু করেছে বলে অনুমান তদন্তকারীদের। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজন দুষ্কৃতীর সন্ধান মিলবে বলেই মনে করা হচ্ছে।