নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: যত কাণ্ড জলপাইগুড়ি মেডিকেলে! ফের মৃত শিশুর দেহাংশ মুখে নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেল কুকুরকে। আজ, রবিবার সকালে শিউরে ওঠার মতো এমনই দৃশ্য দেখা গেল হাসপাতাল চত্বরে। যা নিয়ে রীতিমতো বিস্মিত ও ক্ষুব্ধ সাধারণ মানুষ। হাসপাতাল চত্বরে দেখা দিয়েছে উত্তেজনা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
গতকাল বিকেলে সদ্যোজাতর মুণ্ড মুখে নিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল একটি কুকুরকে। ঘটনাস্থাল ছিল মাদার অ্যান্ড চাইল্ড হাব চত্বর। বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে যায়। এর ২৪ ঘণ্টার মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি হল মেডিকেলে। এবার ঘটনাস্থল ফার্মাসি কলেজ চত্বরে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ সকাল সাড়ে দশটা নাগাদ ফার্মাসি কলেজের পাশের জঙ্গল থেকে শিশুর দেহাংশ মুখে নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় একটি কুকুরকে। সারমেয়টিকে ধাওয়া করেন হাসপাতালে উপস্থিত লোকজন। তাড়া খেয়ে সেটি হাসপাতালের মর্গের দিকে চলে যায়। পরে মর্গের কাছে দেহাংশটি ফেলে পালিয়ে যায় কুকুরটি।
গতকাল বিকেলে ফার্মাসি কলেজ লাগোয়া জলপাইগুড়ি মেডিকেলের মাদার অ্যান্ড চাইল্ড হাব চত্বরে সদ্যোজাতর মাথা মুখে নিয়ে একটি কুকুরকে ঘুরে বেড়াতে দেখা যায়। ওই ঘটনার পরও হুঁশ ফেরেনি হাসপাতাল কর্তৃপক্ষের। কীভাবে হাসপাতাল চত্বরে মৃত শিশুর একের পর এক দেহাংশ মিলছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ।