Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাদার ধারালো অস্ত্রের কোপে জখম ভাই

দাদার ধারালো অস্ত্রের কোপে জখম ভাই
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: বাড়ির সীমানা নিয়ে গণ্ডগোলের জেরে ভাইকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির মাধবডাঙায়। জখম ব্যক্তির চিকিৎসা চলছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। জখমের স্ত্রী মঙ্গলবার ময়নাগুড়ি থানায় চারজনের নামে অভিযোগ দায়ের করেছেন। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, ঘটনায় জখম হয়েছেন দয়ালচন্দ্র পাল। সোমবার দুপুরে বাড়ির সীমানা খুঁটি বসানো নিয়ে পারিবারিক বিবাদ শুরু হয়। প্রথমে বচসা, তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে জখম হন দয়ালবাবু। জখম ব্যক্তির স্ত্রী সরস্বতী পালের অভিযোগ, আমার স্বামী সীমানা খুঁটি দিচ্ছিল। সেসময় স্বামীর দাদা ও ভাইরা এসে হামলা করে। চারজন ধারালো অস্ত্র নিয়ে আমার স্বামীকে মারধর করে। শুধু তাই নয়, বাড়ির ভিতরেও ভাঙচুর করা হয়। লুটপাট চালানো হয়। আমার স্বামীকে জখম অবস্থায় প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসি। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি এখন চিকিৎসাধীন। পুলিসকে বিষয়টি জানিয়েছি। অভিযুক্তদের আমি কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। 
এদিকে অভিযুক্তদের মধ্যে দিলীপ পাল বলেন, খুঁটি আমাদের সীমানার মধ্যে বসাচ্ছিল। প্রতিবাদ করতেই আমাদের মারা হয়। আমরাও জখম হয়েছি। আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ