Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুধিয়ায় বালাসনের চর দখল করে বহুতল নির্মাণ

দুধিয়ায় বালাসনের চর দখল করে বহুতল নির্মাণ
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: দুধিয়ার বালাসন নদীর চর দখল করে চলছে বহুতল নির্মাণ। ইতিমধ্যেই একাধিক তল নির্মাণ হলেও প্রশাসনের হুঁশ নেই। কংক্রিটের সীমানা দিয়ে দখল হচ্ছে নদীর চর। কার্শিয়াংয়ের দুধিয়া এলাকায় জমি হাঙরদের দাপট জাঁকিয়ে বসেছে। নদীরচর দখল করে কোটি টাকার কেনাবেচা চলছে। এমনই জমিতে বহুতল নির্মাণ হচ্ছে। সেখানে শপিংমল কিংবা বিলাসবহুল হোটেল নির্মাণ হচ্ছে বলে দাবি স্থানীয়দের। এইভাবে চর দখল হলে নদীর অস্তিত্ব হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা নদী সংলগ্ন বাসিন্দাদের। বিকাশ রাই নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, নদীর চর দখল করে বেশ কয়েকমাস ধরে নির্মাণ চলছে। তবে তা বৈধ না অবৈধ, তা আমাদের জানা নেই। বিষয়টা স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েছি। তবে তাদের এনিয়ে মাথাব্যথা নেই। পানিঘাটা ও দুধিয়ার মাঝ দিয়ে বয়ে গিয়েছে বালাসন নদী। ওই এলাকায় পিকনিকের মরশুমে বহু মানুষের ভিড় উপচে পড়ে। নদীর উল্টোদিকে রয়েছে পানিঘাটা ইকোটুরিজম স্পট। যদিও নির্মাণের ব্যাপারে ব্লক প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন কার্শিয়াংয়ের বিডিও কৌশিক চক্রবর্তী। তিনি বলেন, নদীর চর দখল করে কোনও বহুতল নির্মাণ হচ্ছে বলে আমার জানা নেই। আমরা কোনও অনুমতি দিইনি। তবে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখছি। অতিরিক্ত জেলাশাসক (ল্যান্ড) রামকুমার তামাং বলেন, বিষয়টি আমার জানা নেই। স্থানীয় বিডিওর সঙ্গে কথা বলব। পাশাপাশি সেচদপ্তরের সঙ্গে কথা বলা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ