সংবাদদাতা, মেদিনীপুর: বুধবার ভোরে ডেবরার চণ্ডীবুড়ি এলাকায় ১৬নম্বর জাতীয় সড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হল। মৃতার নাম কৃষ্ণকলি মাইতি(৫৯)। বাড়ি খড়্গপুর গ্রামীণ এলাকার বারবেটিয়ায়। দুর্ঘটনায় মৃতার স্বামী প্রশান্ত মাইতি জখম হয়েছেন। তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই প্রৌঢ়া স্বামীর সঙ্গে স্কুটিতে চেপে খড়্গপুরের দিকে যাচ্ছিলেন। কৃষ্ণকলিদেবী স্কুটিটি চালাচ্ছিলেন। স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দু’জনেই ছিটকে রাস্তায় পড়েন। সেইসময় একটি গাড়ি ওই প্রৌঢ়ার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।



