Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় ইস্ট-ওয়েস্ট বাইপাস ও বেলিলিয়াস রোডের সংযোগস্থলে নিত্য যানজট, ভোগান্তি

ইস্ট-ওয়েস্ট বাইপাস ও বেলিলিয়াস রোড, হাওড়া শহরের এই দুই ব্যস্ত সড়কের সংযোগস্থল এখন কার্যত যানজটের এপিসেন্টারে পরিণত হয়েছে

হাওড়ায় ইস্ট-ওয়েস্ট বাইপাস ও বেলিলিয়াস রোডের সংযোগস্থলে নিত্য যানজট, ভোগান্তি
  • ৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ইস্ট-ওয়েস্ট বাইপাস ও বেলিলিয়াস রোড, হাওড়া শহরের এই দুই ব্যস্ত সড়কের সংযোগস্থল এখন কার্যত যানজটের এপিসেন্টারে পরিণত হয়েছে। একদিকে ডোমজুড়, বাঁকড়া সহ গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে বাস ও ভারী পণ্যবাহী লরির স্রোত, অন্যদিকে ছোটো-বড়ো গাড়ির ভিড়। সব মিলিয়ে দিনের ব্যস্ত সময়ে এই এলাকায় চলাচল করাই দুঃস্বপ্ন হয়ে উঠছে নিত্যযাত্রীদের।

Advertisement


শৈলেন মান্না সরণি থেকে ইস্ট-ওয়েস্ট বাইপাস টিকিয়াপাড়া রেল স্টেশনের পাশ দিয়ে ডিআইসি বিল্ডিংয়ের কাছে বেলিলিয়াস রোডে এসে মিশেছে। এই দুই রাস্তা দিয়ে সারাদিন ডোমজুড়, উদয়নারায়ণপুর, আমতা, ঝিকিরা, বাকসী, বাঁকড়া, জাপানি গেট, কোনা, টিকিয়াপাড়া সহ বিভিন্ন রুটের বাস ও মিনিবাস হাওড়া স্টেশন এবং ধর্মতলার দিকে যায়। কোনও কোনও রুটের বাস আবার সল্টলেক অভিমুখেও যায়। পাশাপাশি রয়েছে অজস্র টোটো, অটো এবং ব্যক্তিগত গাড়ির ভিড়। ফলে পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। অভিযোগ, দু’টি রাস্তার কোথাও ট্রাফিক সিগন্যাল মানা হয় না। ফলে সব তালগোল পাকিয়ে যাচ্ছে দুই রাস্তার সংযোগস্থলে। অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থার জেরে বাস, টোটোর সঙ্গে বড়ো পণ্যবাহী লরিও এসে আটকে যাচ্ছে যানজটে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই ছবি। এই রাস্তা দিয়ে সব গাড়িই চলে শম্বুক গতিতে। ফলে প্রতিদিনই বিরক্ত হন যাত্রীরা।


তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই যানজটের কেন্দ্রবিন্দুতেই রয়েছে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিকের দপ্তর। দপ্তরের সামনে ট্রাফিক কর্মীদের ইতিউতি দেখা গেলেও বাস্তবে যান চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হয় সিভিক ভলান্টিয়ারদের। সম্প্রতি ইস্ট-ওয়েস্ট বাইপাস ও বেলিলিয়াস রোডে সংস্কার কাজ শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে অভিযোগ। 
নিত্যযাত্রীদের দাবি, যানজট নিয়ন্ত্রণে হাওড়া ময়দান পর্যন্ত রাস্তাটি একমুখী করা জরুরি। কিন্তু দু’দিক দিয়েই অবাধে টোটো, অটো চলাচলের ফলে বাস যাওয়ার মতো জায়গা থাকছে না। ফলস্বরূপ ডিসি ট্রাফিকের অফিস থেকে হাওড়া ময়দানের জিটি রোড পর্যন্ত মাত্র ৪০০ মিটার রাস্তা পেরতে সময় লাগছে ২০-২৫ মিনিট। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, রাস্তা সংস্কারের কারণেই যানজট কিছুটা বেড়েছে। তবে পর্যাপ্ত ট্রাফিক কর্মী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে বলে দাবি করেছে তারা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ