Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে রাজার বাজার মোড় থেকে থানার রাস্তা পর্যন্ত নিত্য যানজট, সমস্যা স্থানীয়দের

নবদ্বীপ রাজার বাজারের মোড় থেকে থানায় যাওয়ার মূল রাস্তার পাশে যত্রতত্র দাঁড়িয়ে থাকে সাইকেল, বাইক ও টোটো। ফলে, যানজট লেগেই থাকছে।

নবদ্বীপে রাজার বাজার মোড় থেকে থানার রাস্তা পর্যন্ত নিত্য যানজট, সমস্যা স্থানীয়দের
  • ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ রাজার বাজারের মোড় থেকে থানায় যাওয়ার মূল রাস্তার পাশে যত্রতত্র দাঁড়িয়ে থাকে সাইকেল, বাইক ও টোটো। ফলে, যানজট লেগেই থাকছে। যানজটের কারণে সমস্যায় পড়ছেন মানুষ। ব্যস্ততম এই রাস্তার দু’ ধারে যেখানে সেখানে সাইকেল, মোটর সাইকেল রাস্তায় রাখছেন বিভিন্ন দোকানের কর্মচারীরাও। দীর্ঘ সময় ধরে রাস্তার পাশে এইসব যানবাহন দাঁড়িয়ে থাকছে। ফলে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবদ্বীপ থানায় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটিতে তীব্র যানজট লেগেই থাকে। 

Advertisement

রাজার বাজার মোড় থেকে নবদ্বীপ থানায় যাওয়ার এই রাস্তা দিয়ে মূলত শহরের উত্তরাঞ্চলে পোড়ামাতলা, বুড়ো শিবতলা, মহাপ্রভু পাড়া, আগমেশ্বরী পাড়া, প্রতাপনগর, প্রাচীন মায়াপুর সহ আশপাশের এলাকার বিরাট অংশের মানুষ এই রাস্তা দিয়েই তাদের বিভিন্ন প্রয়োজনে থানায় যান। তাছাড়া বউবাজার, মতি রায় বাঁধ, বঙ্গপাড়া, রাধাবাজার সহ আশপাশের মানুষজন বাজার, হাট ফেরিঘাটে যান। কিন্তু প্রতিদিন থানার সামনে থেকে রাজার বাজার মোড় পর্যন্ত রাস্তার দু’ পাশে তীব্র যানজটে তাঁদের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে অধিকাংশ সময়ে যানজট লেগেই থাকছে। বাসিন্দাদের অভিযোগ, থানার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই যানজটের কথা জেনেও নীরব পুলিশ প্রশাসন। নবদ্বীপ ব্রজানন্দ গোস্বামী রোডের বাসিন্দা জয়ন্ত সাহা জানালেন, এই রাস্তায় নিত্যদিন যানজট হয়। রাজার বাজার, সোনাপট্টি  থেকে থানায় যাওয়ার  গুরুত্বপূর্ণ রাস্তা এটি। এই রাস্তার উপর দোকানদাররা গাড়ি, সাইকেল রেখে যে যার মতো চলে যায়। এক শ্রেণির দোকানের মালিক ও কর্মচারীরা সারা দিন রাস্তার পাশে গাড়ি দাঁড করিয়ে রাখে। বিষয়টা স্থানীয় দোকানদার থেকে শুরু করে প্রশাসন প্রত্যেকেরই দেখা উচিত। মহাপ্রভু পাড়ার বাসিন্দা নন্দদুলাল দাস বলেন, সোনাপট্টির এই রাস্তাটা খুব খারাপ। প্রশাসনের পক্ষ থেকে সকাল সন্ধ্যা কিছু সময়ের জন্য ওয়ান ওয়ে করে দেওয়া উচিত। স্থানীয় এক ব্যবসায়ী জানান, এই সোনাপট্টির সামনের রাস্তার দু’ ধারে অধিকাংশটাই সোনার দোকানের কর্মচারীরা গাড়ি রাখেন। খদ্দেরদের গাড়ি তো অল্প সময়ের জন্য থাকে। শুধু কর্মচারীদের গাড়ি নয়, একশ্রেণির মানুষ সাইকেল, বাইক, স্কুটার রেখে বাজারে চলে যান। ঘণ্টার পর ঘণ্টা গাড়িগুলো রাস্তার উপর দাঁড়িয়ে থাকে। এর ফলে যাতায়াত সমস্যা হচ্ছে। এই রাস্তা দিয়ে পুলিশ  প্রশাসনের গাড়িগুলো সব সময় যাতায়াত করে। তাদেরও সমস্যায় পড়তে হয়। কিন্তু তাতেও উদাসীন প্রশাসনের কর্তারা। শুধু যানবাহন নয়, অনেকে দোকানের মালপত্র রাস্তার বেশকিছু অংশজুড়ে রাখা থাকে। স্থানীয় কাউন্সিলার মণিকা চক্রবর্তী বলেন, এই ব্যস্ততম রাস্তার দু’ দিকে বাইক স্কুটার এবং টোটো দাঁড়িয়ে থাকে। এর ফলে পথচলতি মানুষের খুবই সমস্যা হচ্ছে। এই রাস্তা সংলগ্ন বাজার প্রতিদিনই যানজট লেগে থাকছে। দোকানদারদের বলা হয়েছে, আপনারা ব্যবসা করুন, কিন্তু এ বিষয়টা তো খেয়াল রাখতে হবে। এর আগেও আমরা বিষয়টি পুলিশ প্রশাসনকে বলেছি। আবারও বলব। নবদ্বীপ থানার আইসি কৃষ্ণেন্দু গোস্বামী  জানিয়েছেন, আমরা খোঁজ নিয়ে দেখছি। অবৈধভাবে রাস্তার উপর গাড়ি পার্কিং করে যানজট তৈরি করে পথচারীদের সমস্যায় ফেলা যাবে না। প্রয়োজনে এ বিষয়ে আমরা পদক্ষেপ করব। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ