Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দহিজুড়িকে বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে মার্কেট কমপ্লেক্স, ৪৮ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করবে জেলা পরিষদ

দহিজুড়িকে বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে মার্কেট কমপ্লেক্স, ৪৮ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করবে জেলা পরিষদ
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামের দহিজুড়িকে বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। লালগড়, শিলদা, পরিহাটি ও ঝাড়গ্রাম শহরের মধ্যবর্তী ছোট জনপদ দহিজুড়ি। জেলা পরিষদ এখানকার ডাকবাংলো এলাকায় ৪৮ লক্ষ্য টাকা ব্যয়ে মার্কেট কমপ্লেক্স গড়ে তুলবে। থাকবে বিনোদন পার্ক। মার্কেট কমপ্লেক্সে স্থানীয় যুবক যুবতীদের স্টল দেওয়া হবে। 

Advertisement

জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন, দহিজুড়ি ডাকবাংলো এলাকায় দ্বিতল মার্কেট কমপ্লেক্স গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌন্দর্যায়নের পাশাপাশি বিনোদন পার্কও গড়ে তোলা হবে। ঝাড়গ্রাম শহর লাগোয়া এই স্থানকে ব্যাবসা ও বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নেওয়া হবে। ঝাড়গ্রামের অন্যতম বাণিজ্য কেন্দ্র অরণ্য শহর। শহরকে কেন্দ্র করে বাজার, হাট বড় বড় শপিং মল গড়ে উঠেছে। কিন্তু শহরে জায়গা সীমিত। তাই নিকটবর্তী দহিজুড়ি ডাকবাংলো এলাকাকে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দহিজুড়ি মোড়ের পূর্ব দিকে লালগড়, উত্তরে শিলদা, পশ্চিমে পরিহাটি ও দক্ষিণে ঝাড়গ্রাম শহরে যাওয়ার রাস্তা। মোড়টি পর্যটন করিডর হিসেবেও পরিচিত। দহিজুড়ি, পরিহাটি রাস্তা দিয়ে সহজেই বেলপাহাড়ী, চিল্কিগড় যাওয়া যায়। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ স্থল হওয়া সত্ত্বেও এলাকার উন্নয়ন সেভাবে হয়নি। ছোট কিছু দোকান থাকলেও স্থায়ী সব্জি বাজার নেই। ফাঁকা জায়গায় বাজার হাট বসে। সব্জি বিক্রেতাদের অনেক মাল নিয়ে ঝাড়গ্রাম শহরে আসতে বাধ্য হন। স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে ঝাড়গ্রাম শহরে আসেন। জেলা শহরের নিকটবর্তী দু’টি ছোট বাজার এলাকা লোধাশুলি ও দহিজুড়ি। বিষয়টি মাথায় রেখেই দহিজুড়ির ডাকবাংলো এলাকাকে ব্যবসা ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। 
প্রথম পর্ব দ্বিতল মার্কেট কমপ্লেক্স গড়ে তোলা হবে। কমপ্লেক্স সংলগ্ন পুকুর এলাকার সৌন্দর্যায়ন করা হবে। বিনোদনের ব্যবস্থাও থাকবে। স্থানীয় যুবক যুবতীদের অগ্ৰাধিকারের ভিত্তিতে মার্কেট কমপ্লেক্সে স্টল দেওয়া হবে। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কাজ দ্রুত শুরু করা হবে। জেলা পরিষদের এক আধিকারিক বলেন, ঝাড়গ্রাম জেলা হয়েছে। শহরকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য বাড়ছে। শহরের নিকটবর্তী দহিজুড়িকে বৃহত্তর ব্যবসা বাণিজ্যের পরিধির মধ্যে আনার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার অর্থনীতি কৃষি ও পর্যটনের উপর নির্ভরশীল। ব্যবসা ও বাণিজ্য বাড়লে জেলার আর্থিক উন্নয়ন হবে। বিনপুর-১ পঞ্চয়েত সমিতির সভাপতি বন্দনা আখুলি বলেন, দহিজুড়ি জেলার অন্যতম সংযোগ স্থল। গ্ৰামীণ এলাকার মানুষজনকে দহিজুড়ির ছোট বাজারের ওপর নির্ভর করতে হয়। মার্কেট কমপ্লেক্সকে কেন্দ্র করে আরও দোকান হবে। এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। এই অঞ্চলের আর্থিক চিত্র বদলে যাবে। দহিজুড়ি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী বাগরি বলেন, ডাকবাংলো এলাকায় দীর্ঘদিন ধরে মার্কেট কমপ্লেক্স গড়ে তোলার দাবি ছিল। অবশেষে সেই দাবি পূরণ হয়েছে। এলাকার আর্থিক উন্নয়ন জেলার সার্বিক আর্থিক উন্নয়নে সহায়তা করবে। 

সম্পর্কিত সংবাদ