আজ গোপালপুরে ল্যান্ডফল আকভানের, বঙ্গে দুর্যোগ, চলবে ভারী বৃষ্টি
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার দুপুরের মধ্যে দক্ষিণ ওড়িশার গোপালপুরের কাছে স্থলভূমিতে আছড়ে পড়বে তীব্র মাত্রার ঘূর্ণিঝড় ‘আকভান’। পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটা দূরে হলেও দুর্যোগ এড়াতে পারল না এ রাজ্য। বৃহস্পতিবারই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে দুর্যোগ। আজ বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে বলেই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। শনিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিছুটা বৃষ্টি হবে। তারপর পরিস্থিতির উন্নতি হবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী এলাকায় জোরালো হাওয়া (ঘণ্টায় সর্বোচ্চ ৪০-৫০ কিমি গতিবেগে) বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও ‘ফ্ল্যাশ ফ্লাড’ জাতীয় পরিস্থিতি তৈরির ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখন মাঠে পাকা ধান, শীতের সবজি রয়েছে। আলুর চাষও শুরু হয়েছে। এই দুর্যোগ পরিস্থিতিতে ফলন বাঁচাতে  চাষিদের কী করা দরকার, সে ব্যাপারে একগুচ্ছ পরামর্শ দিয়েছে কৃষিদপ্তর। ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে দক্ষিণ-পূর্ব রেল বৃহস্পতি ও শুক্রবার আপাতত ১৯টি ট্রেন বাতিল করেছে। তার মধ্যে রয়েছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসও (আপ ও ডাউন)।

Advertisement

গত ২০ দিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া দু’টি ঘূর্ণিঝড় পরপর আছড়ে পড়েছিল অন্ধ্র উপকূলে। তার প্রভাব দক্ষিণবঙ্গে খুব একটা পড়েনি। কিন্তু এবার ব্যতিক্রম কেন? আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, আগে ঘূর্ণিঝড়টির গতিপথ যেদিকে থাকবে বলে মনে করা হচ্ছিল, তেমনটা হলে এবারও দক্ষিণবঙ্গে কম প্রভাব পড়ত। কিন্তু আকভান  উত্তরমুখী হওয়ার জন্য পরিস্থিতি অনেকটাই বদলেছে। তাছাড়া এর যা ‘ফ্লো প্যাটার্ন’, তাতে উত্তর অন্ধ্র, ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে প্রভাব পড়ছে। ঘূর্ণিঝড়ের ‘আউটার ব্যান্ড’ থেকে বৃষ্টির মেঘ বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গের আকাশে ঢুকতে শুরু করে। তার সঙ্গে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ। সেই কারণেই দক্ষিণবঙ্গের বিভিন্ন  জেলায় বৃহস্পতিবার বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় সকাল থেকে বিকালের মধ্যে ৩৪ মিমি বৃষ্টি হয়েছে। বৃষ্টি ও  মেঘলা আকাশের জন্য কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস কমে ২৩ ডিগ্রি হয়।  শুক্রবার পর্যন্ত সব মিলিয়ে কলকাতায় ১০০ মিমির মতো বৃষ্টি হয়ে যেতে পারে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার কোনো কোনো জায়গায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়ার জন্য।
আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় যে জায়গায় আছড়ে পড়ে, তার ২০০ কিমি পর্যন্ত এলাকায় বেশি প্রভাব থাকে। পরবর্তী ৫০০-৬০০ কিলোমিটারে মাঝারি ও হাজার কিমি পর্যন্ত কিছুটা প্রভাব থাকে। স্থলভূমি অতিক্রম করার পর আকভান দুর্বল হতে শুরু করলে এটি পূর্ব মুখে ওড়িশা হয়ে ঝাড়খণ্ডের দিকে এগবে। বিহার ও লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর এসে এটা পুরোপুরি বিলীন হবে বলে আশা করছে আবহাওয়া দপ্তর।