নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে চার কোটি টাকা হাতানোর ঘটনায় ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করল হরিয়ানা পুলিশ। সাইবার প্রতারকদের ফোন গিয়েছিল সল্টলেকের একটি বেআইনি কল সেন্টার থেকে। অভিযুক্ত প্রসেনজিৎ ঘোষ ওই কল সেন্টারে কাজ করত এবং তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল বলে অভিযোগ। তার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে।
২০২৪ সালের অক্টোবর মাসে হরিয়ানার হিসার থানা এলাকার এক ব্যক্তি সাইবার জালিয়াতির শিকার হন। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে তাঁর থেকে চার কোটি টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। এই ঘটনায় অ্যাকাউন্টের লেনদেনের সূত্র ধরে কয়েকজনকে গ্রেপ্তার করে হরিয়ানা পুলিশ। তাদের জেরা করে জানা যায়, সল্টলেকের একটি কল সেন্টার থেকে ফোন করা হয়েছিল। ওই কল সেন্টারে বসেই চলছিল প্রতারণা চক্র। জানা যায়, এই চক্রের একজনের বাড়ি ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এলাকায়। সেই মতো হরিয়ানা পুলিশ শনিবার বিজয়গঞ্জ বাজার থানায় যায়। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে অভিযুক্ত প্রসেনজিতকে। তাকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন, এই চক্রে অনেকে রয়েছে। তাদের খোঁজ চলছে।