সরকারি ঠিকা কর্মীদের বোনাস থেকেও কাটমানি! তোলপাড়, অভিযুক্ত বিজেপি প্রভাবিত সংগঠনের নেতারা
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুখেন্দু পাল, বর্ধমান: তোলাবাজি, কাটমানির অভিযোগে এমননিতেই এখন সরগরম গোটা রাজ্য। বিজেপির রাজ্য নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, তোলাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরও থোড়াই কেয়ার! কিছুতেই রাশ টানা যাচ্ছে না তোলাবাজির। এবার সরকারি ঠিকা কর্মীদের বোনাস থেকেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। বোনাসের প্রায় অর্ধেক টাকা ‘দাদা’দের দিতে হয়েছে। তাঁরা নিজেদের মতো সংগঠন তৈরি করে টাকা তুলেছে বলে অভিযোগ। আর সেই সংগঠনটি ‘বিজেপি প্রভাবিত’ বলেও দাবি উঠছে। ফলে, অভিযোগটি অন্যমাত্রা পেয়ে গিয়েছে।  

Advertisement

জানা গিয়েছে, সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিমের জন্য রাজ্য সরকার সাত হাজার ৪০০ টাকা বোনাস ঘোষণা করে। তাতে উচ্ছ্বসিত কর্মীরা। তারপরই একটি সংগঠনের নাম করে ওই দপ্তরের কয়েকজন দাবি করেন, তাঁদের জন্যই সরকার বোনাস দিয়েছে। এরপরই ওই দপ্তরের কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন লেখেন, ‘এখান থেকে কিছু টাকা দিতে হবে। যাঁদের জন্য আমরা এই জায়গায় এসেছি তাঁদের পার্টি দিতে হবে। তারজন্য মোটা অঙ্কের টাকা খরচ হবে। সেই টাকা আমরা বোনাস থেকে দেব।’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই চ্যাট ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে।
যাঁরা টাকা দেবেন তাঁদেরকে গ্রুপে স্ক্রিনশর্ট দেওয়ার জন্য বলা হয়। টাকা তোলার জন্য প্রতিটি মহকুমায় আলাদা আলাদা ‘দাদা’কে দায়িত্ব দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া হোয়াটসঅ্যাপ চ্যাটে লেখা রয়েছে, যাঁরা টাকা দেননি, তাঁদের নামের তালিকা গ্রুপে দিতে হবে। যাঁরা এবার বোনাস পাননি তাঁরাও আমাদের সঙ্গেই আছেন। তাঁরা দু’হাজার টাকা করে দেবেন। নির্দেশের পরও অনেকেই টাকা দিতে দেরি করেন। সেই সময় কার্যত হুঁশিয়ারি দিয়ে ওই গ্রুপে লেখা হয়, ‘বোনাস পাওয়ার জন্য আমাদের জেলার কয়েকজন লড়াকু ভলান্টিয়ার কাজ করেছিলেন। কিন্তু আমরা যে প্রতিশ্রুতি তাঁদের দিয়েছিলাম তা পালন করতে ব্যর্থ হয়েছি। যে কথা দিয়েছিলাম, তা দ্রুত পূরণ করার দাবি জানচ্ছি।’ 
ওই গ্রুপে সুদীপ দাস পরিচয় দিয়ে একজন লিখেছেন, ‘যাঁরা অনুষ্ঠানের জন্য কোনো অবদান রাখছেন না তাঁরা সমস্যায় পড়লে আমাদের সহযোগিতা পাবেন না।’ সুদীপবাবু সিভিল ডিফেন্সে কাজ করেন। তিনি এদিন অবশ্য বলেন, ‘যে অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়। আসলে, আমাদের কিউআরটি টিমের সদস্যদের প্রত্যন্ত এলাকায় গিয়ে কাজ করতে হয়। সব জায়গায় খাবার পাওয়া যায় না। আবার কখনও কখনও কোনো কর্মী আহত হন। তাঁদের জন্য স্বেচ্ছায় যে যা পারেন দিয়েছেন। কারও কাছে টাকা চাওয়া হয়নি।’
বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি আশিস পাল বলেন, ‘সরকার নিজের সিদ্ধান্তে বোনাস দিয়েছে। কেউ পাইয়ে দেয়নি। তাছাড়া কেউ মানুষের সমস্যার কথা তুলে ধরলে তার জন্য সার্ভিস চার্চ নেবে, এটা হতে পারে না। বিষয়টি খোঁজ নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’ এক আধিকারিক বলেন, অভিযোগ প্রমাণ হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।