Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দিয়ামানতাকোসের ছোঁয়ায় শাপমোচন

ম্যাচ শেষে হতেই দু’হাত মুঠো করে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন দিমিত্রিয়াস দিয়ামানতাকোস। ডার্বির প্রাথমিক  পরিকল্পনায় ছিলেন না তিনি।

দিয়ামানতাকোসের ছোঁয়ায় শাপমোচন
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: ম্যাচ শেষে হতেই দু’হাত মুঠো করে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন দিমিত্রিয়াস দিয়ামানতাকোস। ডার্বির প্রাথমিক  পরিকল্পনায় ছিলেন না তিনি। কিন্তু পরিবর্ত হিসেবে নেমে গ্রিক স্ট্রাইকারই ডার্বিতে পরাজয়ের শাপমোচন ঘটালেন। পেনাল্টি থেকে তাঁর সফল লক্ষ্যভেদের পরেই লাল-হলুদ গ্যালারিতে বেজে উঠল ‘দিমি, দিমি ডুডুং ডুডুং, ঢিচকাউ’ গান। বিরতির পর তিনি দ্বিতীয়বার জাল কাঁপাতেই গ্যালারিতে লাল-হলুদ রং মশালের সঙ্গে মুঠোফোনে আলোর মায়াজালে প্রতিফলিত আকাশ ছোঁয়ার স্পর্ধা। 

Advertisement

হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে হামিদ মাঠে বসে পড়তেই ইস্ট বেঙ্গল গ্যালারি হতাশায় মুখ ঢেকেছিল। ম্যাচের বয়স তখন মাত্র ১৭ মিনিট। বদলি হিসেবে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ মাঠে নামালেন দিমিত্রিকে। অথচ মরশুমের শুরু থেকেই তাঁর থাকা বা না-থাকা ঝুলছিল সরু সুতোর উপর। এদিনের জোড়া গোল ফের চিন্তায় ফেলল লাল-হলুদ ম্যানেজমেন্টকে। ডুরান্ডের প্রথম ম্যাচেও পরিবর্ত হিসেবে নেমে গোল পেয়েছিলেন তিনি। এদিনও ‘সুপারসাব’ হয়ে ম্যাচের নায়ক গ্রিক স্ট্রাইকার। মাঠে নামার পর থেকেই দিয়ামানতাকোসের মধ্যে লক্ষ্যভেদের তাগিদ নজরে পড়েছিল। মোহন বাগানের দুই স্টপার টম ও আলবার্তোর মাঝে তিনি বারবার বিভ্রান্তি তৈরি করেন। প্রথম লক্ষ্যভেদ স্পটকিক থেকে। তবে দ্বিতীয়টির ক্ষেত্রে ছিল স্ট্রাইকার সুলভ দক্ষতা। ম্যাচ শেষে তাই তৃপ্তির মন্তব্য, ‘আমার গোল পাওয়ার থেকেও অধিক দরকার ছিল দলের জয়। আর তাতে অবদান রাখতে পেরে আমি খুশি। ডার্বিতে গোল বাড়তি আত্মবিশ্বাস জোগায়। এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।’
ম্যাচের নায়ক দিয়ামানতাকোস হলেও আলাদাভাবে বলতে হবে মিগুয়েল ও সিবলের কথা। আনোয়ারের সঙ্গে জুটি বেঁধে কোচ ব্রুজোঁর আস্থার মান রাখলেন আর্জেন্তাইন ডিফেন্ডার। প্রথমার্ধে ডিফেন্সিভ থার্ডে ম্যাকলারেনদের দাঁত ফোটাতে দেননি তিনি। আর মিগুয়েল! তাঁকে নিয়ে যে এবার সব দলকেই আলাদা করে ভাবতে হবে তা স্পষ্ট বুঝিয়ে দিলেন। পাশাপাশি রশিদের অভাব দুর্দান্তভাবে ঢেকে দিলেন সাউল ক্রেসপো।

Advertisement
সম্পর্কিত সংবাদ