সংবাদদাতা, ডোমকল: ওপারে বাংলাদেশের রাজশাহী। মাঝে পদ্মা ও তার চর। এপারে মুর্শিদাবাদের রানিনগরের হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্প। ক্যাম্পের ভিতরে বটগাছের তলায় পাশাপাশি দু’টি ছোটো ঘর। একটিতে তখন কালীপুজোয় ব্যস্ত কয়েকজন বিএসএফ জওয়ান। পাশের ঘরেই পীরবাবার মাজারে দোয়া নিতে অপেক্ষায় আলিয়া-সুফিয়া বিবিদের সঙ্গে উর্মিলা-লতা মণ্ডলরাও। একটু দূরে দর্শনার্থীদের খাওয়ানোর জন্য ৩০টি হাঁড়িতে চলছে খিচুড়ি রান্না। পীরবাবার মাজার শরিফের উরস ঘিরে এভাবেই প্রতি বছর মেতে ওঠে বাংলাদেশের রাজশাহী লাগোয়া রানিনগরের উত্তর চর মাঝারদিয়াড়।
রানিনগরের উত্তর চর মাঝারদিয়াড়ে হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্পের ভিতরেই কালীমন্দিরের পাশে এই মাজার। কীভাবে এই মাজারের খোঁজ মিলল, তার লিখিত কোনো ইতিহাস নেই। তবে স্থানীয়দের মুখে মুখে প্রচলিত রয়েছে এক কাহিনি। জনশ্রুতি, নব্বইয়ের দশকের শেষে ক্যাম্পের এক বিএসএফ আধিকারিক রাতে মন্দিরের পাশে সাদা পোশাক পরা এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। সাদা পোশাক পরিহিত ওই ব্যক্তির শরীরের উপরে আলোর আভাও দেখেছিলেন ওই আধিকারিক বলে শোনা যায়। তাঁদের আরও দাবি, প্রথমে বিষয়টিকে মনের ভুল বলে মনে করলেও পরপর কয়েকদিন একই দৃশ্য দেখার পর ওই আধিকারিকের মনে সন্দেহ দানা বাঁধে। সেখানে কোনো মুসলিম ওলি, আউলিয়া বা দরবেশের কবর থাকতে পারে বলেই স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন ওই বিএসএফ আধিকরিক। পরে ওই আধিকারিকের সুপারিশে স্থানীয় ইমাম ও মুরুব্বিদের পরামর্শে ওই জায়গাটি বাঁধানো হয়। শুরু হয় মিলাদ ও দোয়ার আয়োজনও।
সেই থেকেই ওই জায়গায় পীরবাবার মাজার শরিফে উরসের আয়োজন হয়ে আসছে বলে স্থানীয়দের দাবি। প্রথমে ২৯ জ্যৈষ্ঠ উরস পালিত হত। গত কয়েক বছর ধরে কার্তিক মাসের ২৯ তারিখে এই উৎসবের আয়োজন হচ্ছে। উরস উপলক্ষ্যে মাজারে দোয়া নিতে ভিড় জমান দুই সম্প্রদায়ের মানুষ। মুর্শিদাবাদ ছাড়াও বীরভূম, বর্ধমান, নদীয়ার একটি অংশের মানুষসহ বিভিন্ন জেলা থেকে ভক্তদের সমাগম ঘটে এখানে। তাঁদের খাওয়ানোর জন্য কমিটির তরফে ৩০টি হাঁড়িতে চলে খিচুড়ি রান্না।
পীরবাবা মাজার শরিফ কমিটির সম্পাদক বাচ্চু শেখের কথায়, ২০০১ সাল থেকে প্রতিবছর উত্তর চর মাঝার দিয়াড়ে পীরবাবার মাজার শরিফের ঈশালে সওয়াব উপলক্ষ্যে উরস উৎসব হয়ে আসছে। উরসে মিলাদ, দোয়া, ওয়াজ, গজল ও কোরান তেলাওয়াতের আয়োজন হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে ভক্তরা আসেন। তাঁদের খাবারের ব্যবস্থাও করা হয় কমিটির তরফে।



