Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডায়না সেতু থেকে হাতি দেখতে ভিড়, ছবি তুললেন পর্যটকরা

জঙ্গল সাফারি বন্ধ রয়েছে তাতে কী?  নাগরাকাটার ডায়না সেতু থেকেই  হাতি দেখার জন্য পর্যটকরা ভিড় জমাচ্ছেন প্রতিদিন।

ডায়না সেতু থেকে হাতি দেখতে ভিড়, ছবি তুললেন পর্যটকরা
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নাগরাকাটা: জঙ্গল সাফারি বন্ধ রয়েছে তাতে কী?  নাগরাকাটার ডায়না সেতু থেকেই  হাতি দেখার জন্য পর্যটকরা ভিড় জমাচ্ছেন প্রতিদিন। বর্তমানে ডায়না সেতুই এখন পর্যটকদের হাতি দেখার স্থান হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেতুর উপর থেকে হাতি দেখতে চলে আসেন পর্যটকরা। নিরাপদ দূরত্বে থেকে হাতির ফটোও তোলেন তাঁরা। কোনও অঘটন যাতে না ঘটে, সেজন্য  ডায়নার রেঞ্জার অশেষ পাল বনকর্মীদের নিয়ে সন্ধ্যা পর্যন্ত পর্যবেক্ষণ করেন হাতির গতিবিধি। 

Advertisement

প্রায় দিনই সেন্ট্রাল ডায়নার জঙ্গল থেকে হস্তীশাবক সহ ২০-২৫টি হাতির একটি দল এসে ডায়না নদীর জল খায়। এরপর ঘণ্টা দু’য়েক চরে সবুজ ঘাস সাবাড়  করে। এরপর হাতির দলটি ধীরে ধীরে ফের ডায়নার জঙ্গলে ঢুকে যায়। এই দৃশ্য দেখতেই পর্যটক সহ সাধারণ মানুষের ভিড় জমে যায়। অনেকেই রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে হাতির ছবি তোলার চেষ্টা করেন। 
সোনারপুর থেকে আসা পর্যটক প্রিয়তোষ সাহা বলেন, এখন তো জঙ্গল বন্ধ, তাই ডুয়ার্স ঘুরতে গাড়ি ভাড়া নিয়ে বেরিয়েছিলাম। খবর পেলাম ডায়না নদীর চরে হাতির দল এসেছে। এখানে এসে হাতি দেখে মন ভরে গেল। দলে হস্তীশাবকও দেখেছি। রেঞ্জার বলেন, ডায়না নদীর চরে প্রায় দিনই এখন হাতির দল আসছে। অনেকেই হাতির সামনে যাওয়ার চেষ্টা করেন। এতে অঘটন ঘটতে পারে। তাই কাউকেই হাতির ধারেকাছে ঘেঁষতে দিচ্ছি না।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ