সংবাদদাতা, নবদ্বীপ: আজ দশহরা অর্থাৎ গঙ্গাপুজো। সেই উপলক্ষ্যে নবদ্বীপের ভাগীরথীর ঘাটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিন সকাল থেকে ঘাটগুলিতে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। দূরদূরান্ত থেকে জলপথে নৌকা করে প্রতিমা নিয়ে এসেছেন অনেকেই। গঙ্গা প্রতিমা নিয়ে এসে পুজো করছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। দুর্ঘটনা রুখতে পুরসভার পক্ষ থেকে নদীতে ব্যারিকেড করা হয়েছে, পুণ্যার্থীরা ওই পর্যন্তই জলে নামতে পারবেন। এদিন ভোর থেকে রানির ঘাট, পোড়াঘাট, বড়াল ঘাট, ফাঁসিতলা ঘাট, শ্রীবাসঅঙ্গন ইত্যাদি ঘাটগুলিতে বহু মানুষ ভিড় করতে শুরু করেছেন। শুধু নবদ্বীপ নয়, কৃষ্ণনগর, ধুবুলিয়া, বেথুয়াডহরি সহ আশপাশের বিভিন্ন এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ এসেছেন পুজো দিতে। স্থানীয় নবদ্বীপ ব্যবসায়ী সমিতি, বড়াল ঘাট ফেরিঘাট, ফাঁসিতলা ঘাটে মৎস্যজীবীরা গঙ্গাপুজো করছেন। প্রতিটি ঘাটে পুজো কমিটির পক্ষ থেকে পুজো শেষে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে। অধিকাংশ ঘাটগুলোতেই গঙ্গাপুজো উপলক্ষ্যে বসেছে মেলা। ঘাটে ঘাটে রয়েছে কড়া পুলিসি নিরাপত্তা। পুলিস প্রশাসনের পক্ষ থেকে ঘাটগুলিতে মাইকে সতর্কতামূলক প্রচার চলছে। নদীতে স্পিডবোট নিয়ে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, নদীতে নেমে যাতে কেউ তলিয়ে না যান, তার জন্য জলে নির্দিষ্ট দূরত্বে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই দূরত্বের পর আর কেউ গভীরে যেতে পারবেন না। প্রয়োজনে ব্যারিকেডের বাঁশ ধরে নিজেকে সামলে নিতে পারবেন। প্রতিটা ঘাটে পুরসভার স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজনও রয়েছেন। নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি বলেন, প্রতিটা স্নানের ঘাটে পর্যাপ্ত সংখ্যক পুলিস রয়েছে। ঘাটগুলিতে মাইকিং ব্যবস্থা রয়েছে।



