Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাসমেলায় জলপরী! দেখতে উপচে পড়ছে ভিড়, সুপারহিট বাম্বু বিরিয়ানিও

কোচবিহারের রাসমেলা মানেই নতুন নতুন জিনিসের খোঁজ। কোনওটি খাবার, কোনওটি আবার শুধুই চোখে দেখে আনন্দ নেওয়ার।

রাসমেলায় জলপরী! দেখতে উপচে পড়ছে ভিড়, সুপারহিট বাম্বু বিরিয়ানিও
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: কোচবিহারের রাসমেলা মানেই নতুন নতুন জিনিসের খোঁজ। কোনওটি খাবার, কোনওটি আবার শুধুই চোখে দেখে আনন্দ নেওয়ার। তেমনই এবারের রাসমেলায় সকলের নজর কেড়েছে জলপরী। যা দেখতে প্রথমদিন থেকেই জলপরীর কাউন্টারের সামনে টিকিট কাটতে উপচে পড়ছে ভিড়। অন্যদিকে, খাদ্য রসিকদের মধ্যে আগ্রহ বাড়াচ্ছে বাম্বু বিরিয়ানি। রীতিমতো লাইন দিয়ে খাচ্ছে শিশু থেকে বয়স্ক সকলেই। 

Advertisement

কি এই জলপরী? বিরাট বিরাট অ্যাকোয়ারিয়াম। তারমধ্যে খেলে বেড়াচ্ছে বড় বড় মাছ। সেখানেই আসছেন দু’জন তরুণী। তাঁদের পরনে মৎস্যকন্যার পোশাক। শরীরের নিচের অংশ মাছের মতো। তাঁরা অ্যাকোয়ারিয়ামের ভিতরে সাঁতার কাটছেন। কিছুক্ষণ ডুবে থেকে আবার জলের উপরে ভেসে উঠছেন। কাচের ঘেরাটোপের মধ্যে এই দুই জলপরীর মোহময় খেলা দেখতে ভিড় জমাচ্ছে মানুষ। আর বাম্বু বিরিয়ানি? সে তো ভিনরাজ্যের খাবার। বাঙালি কবে বাম্বু বিরিয়ানি খেয়েছে? কিন্তু রাসমেলার মধ্যে এমন সুস্বাদু গরম গরম খাবার খুঁজে পেয়ে সত্যিই আশ্চর্য হচ্ছেন অনেকে। মোটা মোটা বাঁশের টুকরোর মধ্যে তৈরি হচ্ছে এই বিরিয়ানি। ক্রেতাদের সামনেই একটি বড় টিনের ঘেরাটোপের মধ্যে কাঠকয়লার আগুনে তৈরি করা হচ্ছে এই খাবার। মুরগির মাংস, সুগন্ধি চাল দিয়ে বানানো হচ্ছে এই বিরিয়ানি। সুস্বাদু এই খাবার যাঁরা বানাচ্ছেন তাঁরা গোয়া থেকে এই বিশেষ রেসিপি শিখে এসেছেন। 
কোচবিহারের মানুষের সঙ্গে নতুন কিছুর পরিচয় করিয়ে দেওয়ার সব থেকে সুবর্ণ সুযোগ হল রাসমেলা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়। টানা ১৫ দিন ধরে চলে এই মেলা। ফলে বাম্বু বিরিয়ানির স্বাদ কিংবা জলপরীকে দেখতে এখনও যথেষ্ট সময় রয়েছে। তবুও তর সইছে না। বাম্বু বিরিয়ানির দাম ১৮০ টাকা। আর জলপরীর দেখা মিলছে মাত্র ১০০ টাকার টিকিট কাটলেই। অ্যাকোয়ারিয়ানের ভিতর স্বপ্নিল পরিবেশে দুই তরুণীর এমন খেলা আগে কখনও কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায় দেখা যায়নি। তাই যাঁরাই মেলায় এসে সন্ধ্যায় বিভিন্ন রাইড, সার্কাস সহ অন্যান্য বিনোদনের খোঁজে এদিক ওদিক যাচ্ছেন তাঁদের প্রায় সকলেই জলপরীদের টেন্টের দিকে ঢুঁ মারছেন। 
রাসমেলা রবিবার থেকে পুরোদমে জমে উঠেছে। রবিবার গভীর রাত পর্যন্ত ভিড় উপচে পড়ে স্টলে স্টলে। এত মানুষ একসঙ্গে একটি এলাকায় ঢুকে পড়ায় ইন্টারনেটের নেটওয়ার্কের কিছুটা সমস্যা হচ্ছে। ব্যবসায়ীদের সংগঠন সূত্রে জানা গিয়েছে, এতে ক্রেতা-বিক্রেতা দু’পক্ষেরই অনলাইন লেনদেনে কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, রাসমেলা জমে উঠেছে।  তৈরি হচ্ছে বাম্বু বিরিয়ানি। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ