Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উদ্যোক্তাদের থেকে থিম জেনে ভিড় নিয়ে আগেই পরিকল্পনা করতে হবে, ক্রাইম কনফারেন্সে পুলিস কমিশনারের নির্দেশ

একশো দিনও বাকি নেই দুর্গাপুজোর। তাই পুজো নিয়ে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুলিস। শনিবার দুপুরে মাসিক ক্রাইম কনফারেন্সে কলকাতার সব থানার ওসিকে পুলিস কমিশনার মনোজ ভার্মা পুজো নিয়ে কয়েকটি নির্দেশ দিয়েছেন।

উদ্যোক্তাদের থেকে থিম জেনে ভিড় নিয়ে আগেই পরিকল্পনা করতে হবে, ক্রাইম কনফারেন্সে পুলিস কমিশনারের নির্দেশ
  • ২২ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একশো দিনও বাকি নেই দুর্গাপুজোর। তাই পুজো নিয়ে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুলিস। শনিবার দুপুরে মাসিক ক্রাইম কনফারেন্সে কলকাতার সব থানার ওসিকে পুলিস কমিশনার মনোজ ভার্মা পুজো নিয়ে কয়েকটি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দ্রুত পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে তাঁদের থেকে থিম জেনে নিতে হবে। সেই থিম অনুসারে কলকাতা শহরের কোথায় কোথায় বাড়তি ভিড় হতে পারে, সে কথা মাথায় রেখেই আগাম পরিকল্পনা করতে হবে। পুজোর সময় ভিড় যাতে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যাপারে নগরপাল নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এবার উল্টোরথ এবং মহরম পরপর পড়েছে। ওই সময় বাহিনীকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন কলকাতার সিপি।

Advertisement

অন্যদিকে, এদিনের ক্রাইম কনফারেন্সে সিপি আনন্দপুর থানা এলাকায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলায় দেরিতে খুনের মামলা দায়ের হওয়ার কারণ জানতে চান। সংশ্লিষ্ট থানার বক্তব্য জানার পর সিপি খুনের মামলা দায়ের করার ক্ষেত্রে অযথা দেরি যাতে না হয়, তা নিশ্চিত করতে বলেছেন ওসিদের। উল্লেখ্য, শুধু আনন্দপুর নয়, সম্প্রতি এমন অভিযোগ রয়েছে গড়িয়াহাট থানার বিরুদ্ধেও। লালবাজার সূত্রের খবর, বিষয়টি নিয়ে সিপি রীতিমতো বিরক্ত।   
পাশাপাশি, এদিনের ক্রাইম কনফারেন্সে সিপি পুলিসকর্মী ও অফিসারদের সুরক্ষার ওপর জোর দিতে বলেছেন। বিশেষ করে, আইন শৃঙ্খলা ডিউটিতে যাওয়ার আগে বডি ক্যামেরার পাশাপাশি অতি অবশ্যই সুরক্ষা সরঞ্জাম যাতে সর্বস্তরের পুলিসকর্মীরা ব্যবহার করেন, তা নিশ্চিত করতে বলেছেন পুলিস কমিশনার। সম্প্রতি শহরে বাড়ি ভাঙার ক্ষেত্রে কলকাতা পুলিসের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে আদালত সিআরপিএফের মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চেয়েছিল। এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা নিয়ে সিপি সতর্ক থাকতে বলেছেন ওসিদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ