নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁকিনাড়ায় গঙ্গা আরতিতে রাজ্য সরকার টাকা বরাদ্দ করেনি। সিপিএমের অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, কোন দপ্তর থেকে টাকা বরাদ্দ হয়েছে তা দেখানো হোক। কোনো প্রশ্ন থাকলে, আরটিআই করতে পারেন। এখানে কাটমানি খাওয়ার প্রশ্নই ওঠে না। মন্ত্রী অর্জুন সিং নিজে এই গঙ্গা আরতির উদ্যোগ নিয়েছিলেন। গঙ্গা আরতির সঙ্গে লেজার শো এবং আতশবাজি প্রদর্শনী হয়েছিল। মুম্বই থেকে শিল্পীরা এসে তা করেছিলেন। ছিল লেজার শো। এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে খরচ হয়েছিল প্রায় কোটি টাকা। এই টাকা পুরোটাই ব্যবস্থা করেছিলেন অর্জুন সিং নিজে। এখানে সরকারি সাহায্য আসেনি বলে তিনি জোর গলায় দাবি জানিয়েছেন। অথচ সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিলেন, রাজ্য সরকার ৫৫ লক্ষ টাকায় গঙ্গা আরতির জন্য বরাদ্দ করেছে। যার মধ্যে বিজেপির নেতারা কাটমানি খেয়েছেন ১৫ লক্ষ টাকা। এই বক্তব্যের জন্য অর্জুন অনুগামী বিজেপি নেতা-কর্মীদের হাতে ইছাপুরে বাদামতলায় হেনস্তা হতে হয় গার্গী চট্টোপাধ্যায়কে। সেই সঙ্গে অর্জুন সিং চ্যালেঞ্জ জানিয়েছেন, যদি কেউ প্রমাণ করতে পারেন সরকার টাকা বরাদ্দ করেছে বা কাটমানি নেওয়া হয়েছে, তাহলে যা সাজা দেবেন তা মাথা পেতে নেব। সরকার টাকা বরাদ্দ করলে জেলাশাসক জানবেন। মেমো অর্ডার হবে। সেসব কোথায়? কোন দপ্তর করল তা তো জানাতে হবে। অকারণে মিথ্যাচার করলে বারাকপুর শিল্পাঞ্চলের মানুষ মেনে নেবে না। প্রতিবাদ হবেই।



