সংবাদদাতা, কাকদ্বীপ : এক গৃহস্থের পুকুরে ঢুকে পড়ল বিশাল আকারের কুমির। কুলপির রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা গৌতম হালদার। তাঁর পুকুরে কুমির সাঁতার কাটছে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ স্থানীয় এক বাসিন্দা তা দেখেন। খবর ছড়িয়ে পড়ে দ্রুত। পুকুরের ধারে প্রচুর মানুষ ভিড় জমান। কিছুক্ষণের মধ্যে পুলিস ও বনদপ্তর ঘটনাস্থলে আসে।
প্রথমে পুকুরটির চারধার ঘিরে দেওয়া হয় জাল দিয়ে। এরপর কুমির ধরতে পুকুরে ফেলা হয় নাইলনের শক্ত জাল। বেশ কিছুক্ষণ জাল টানার পর তাতে আটকায় কুমির। কিন্তু জালের ফাঁস গলে আবার চলে যায় পুকুরের গভীর অংশে। দ্বিতীয়বার ফের হয় জাল টানা। কিন্তু এবারও পিছলে পালায় কুমির। বনদপ্তরের কর্মীরা ঠিক করেন বুধবার সকালে ধরা হবে। অন্ধকারে এই কাজ করার দরকার নেই।
গোল বাধে এরপর। গভীর রাতে কুমিরটি চলে যায় অন্য একটি পুকুরে। তখন গ্রামজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে আতঙ্ক। বুধবার সকালে বনদপ্তরের আরও অভিজ্ঞ কর্মীরা আসেন ঘটনাস্থলে। তাঁরা তন্নতন্ন করে তল্লাশি চালাতে থাকেন। দুপুর পর্যন্ত চলে টেনশন। এরপর দুপুর গভীর হলে ধরা পড়ে কুমির।
সেটি ভাগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই পঞ্চায়েত হুগলি নদী লাগোয়া। নদী থেকে কুমিরটি কোনওরকমে বাঁধ টপকে গ্রামে ঢোকে। আশ্রয় নেয় পুকুরে। এটির দৈর্ঘ্য ১২ ফুট। স্বাস্থ্যপরীক্ষা পর প্রাণীটিকে নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনদপ্তরের কর্তারা। -নিজস্ব চিত্র